বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান পরিচালনা করে প্রায় ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল বুধবার রাতে ওই এলাকায় টহল জোরদার করলে কয়েকজন সন্দেহভাজন চোরাকারবারিকে দেখতে পায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া করলে চোরাকারবারিরা একটি ব্যাগ ফেলে পাশের জঙ্গলে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৯টি কার্টনে রাখা মোট ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে হলুদ রঙের ৮৯ হাজার ১৬ পিস এবং সবুজ রঙের ৯০০ পিস ছিল। জব্দ ইয়াবার আনুমানিক সিজার মূল্য দুই কোটি ৬৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। যেকোনো মূল্যে সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে বিজিবি বদ্ধপরিকর। মাদক ও অন্যান্য চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।