নাইক্ষ্যংছড়িতে লেবুভর্তি বস্তায় মিললো প্রায় ১ লাখ ইয়াবা

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে লেবুভর্তি পরিত্যক্ত দুটি বস্তা থেকে ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব ইয়াবার সিজার মূল্য ২ কোটি ৯৮ লাখ ৯২ হাজার টাকা। তবে এসব মাদকের কোনো মালিক পাওয়া যায়নি।

বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল আদর্শগ্রাম চেকপোস্টের কাছে স্টিলের ব্রিজের নিচে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় বিজিবির বিশেষ টহল দল আদর্শগ্রাম চেকপোস্টের কাছে স্টিলের ব্রিজের নিচে তল্লাশি চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় থাকা লেবুভর্তি দুটি বস্তা থেকে ১০টি কাটে রাখা মোট ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। তবে এসব ইয়াবার কোনো মালিক পাওয়া যায়নি।

উদ্ধার করা ইয়াবাগুলো পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়েছে। সেগুলো নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বিজিবি। সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এএম
আরও পড়ুন