১৮ কেজি গাঁজা ও বিদেশি সিগারেটসহ আটক ১

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ কুমিল্লা বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও মাদক উদ্ধার করেছে। এ সময় এক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৮টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

র‌্যাব জানিয়েছে, বৃহস্পতিবার সকালে বুড়িচং উপজেলার ময়নামতি সাহেববাজার এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৯৪ হাজার চোরাচালানকৃত বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এ সময় সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ওই দিন সকালে পৃথক আর একটি অভিযানে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার দুর্গাপুর (পূর্বপাড়া) এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ মো. বিল্লাল হোসেন (২৫) নামের এক কারবারিকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও উদ্ধার করা হয়। বিল্লাল হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পশ্চিম ইটাল্লা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

র‍্যাবের কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।