কক্সবাজারের টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে নিয়ে প্রকাশ্যে আপত্তিকর মন্তব্য করায় উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাইয়ুমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
শনিবার (৮ আগস্ট) বিকেলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাইয়ুম রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্যকে উদ্দেশ্য করে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করেছেন। তার এমন কর্মকাণ্ড সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী বলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এ কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে টেকনাফ পৌর বিএনপির আওতাধীন ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলামকে নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন যুবদল নেতা আব্দুল কাইয়ুম।
ওসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, একটা কনস্টেবলের মতোও লাগে না ওসিকে। আমার তো মনে হয় না, এই ওসি দিয়ে টেকনাফের শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে। অপহরণসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে টেকনাফে সৎ ও সাহসী কর্মকর্তা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রতি প্রশাসনে পরিবর্তন আনার আহ্বান জানান আব্দুল কাইয়ুম।
টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, আমি এখানে জনসেবা দিতে এসেছি। কারও সঙ্গে আমার শত্রুতা নেই। উনি কেন এসব কথা বলেছেন, আমি জানি না।