জাল মুদ্রার কারখানায় র‍্যাবের অভিযান, আটক ২

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১০:৪০ এএম

চাঁপাইনবাবগঞ্জ শহরে অভিযান চালিয়ে ২৫ বান্ডিল বিদেশি মুদ্রার জাল নোট এবং মুদ্রা তৈরির বিপুল সরঞ্জামসহ দুই কারিগরকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (৮ আগস্ট) রাতে শহরের আরামবাগ-বালুবাগান এলাকার একটি তিনতলা বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা গ্রামের মনিরুল ইসলামের ছেলে তসিকুল ইসলাম এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার মন্দিমোড় গ্রামের সাইদুর রহমানের ছেলে শামীম আলী।

র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইফতেখার হোসেন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ-বালুবাগান এলাকার একটি তিনতলা বাড়িতে যৌথ দল অভিযান চালায়। এ সময় বাড়িটি থেকে বিভিন্ন দেশের ২৫ বান্ডিল জাল নোট এবং মুদ্রাসংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সাথে জালিয়াতির কাজে সরাসরি জড়িত থাকায় তসিকুল ও শামীমকে আটক করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, আটককৃতরা মূলতঃ কারিগর হিসেবে কাজ করতেন এবং দীর্ঘদিন ধরে ওই বাড়িটিকে জাল মুদ্রা তৈরির কারখানা হিসেবে ব্যবহার করে আসছিলেন। সেখান থেকে দেশি-বিদেশি বিভিন্ন মুদ্রার জাল নোট প্রস্তুত করা হতো। চক্রটির মূল হোতাকে গ্রেফতার করতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

NM
আরও পড়ুন