কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গোলাবারুদ ও ২ লাখ ৪৬ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির অধিনায়কের নির্দেশনায় উপ-অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিকের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সীমান্ত পিলার-৩১ থেকে আনুমানিক ১৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গোলাবারুদ এবং ২ লাখ ৪৬ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্তে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।