সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ ২ কারবারি আটক

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১১:৫৮ এএম

চট্টগ্রামের বহির্নোঙর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, চট্টগ্রামের বহির্নোঙর সমুদ্র এলাকায় অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময়  বহির্নোঙর এলাকায় একটি সন্দেহজনক বোটের গতিবিধি নজরে আসে। কোস্ট গার্ডের সদস্যরা বোটটিকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বোটটি আটক করা হয়। বোটটিতে তল্লাশি চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বোটে থাকা দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, একটি সংঘবদ্ধ মাদক চক্র মিয়ানমারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে চট্টগ্রামে পাচারের চেষ্টা করছিল।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদকের বিস্তার রোধে উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দ করা ইয়াবা, পাচারে ব্যবহৃত বোট ও আটক দুই ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

MU/YA
আরও পড়ুন