পাঁচ বস্তায় মিলল গুইসাপ, নারী আটক

খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার করেছে বন বিভাগের একটি টহল দল। এ সময় এক নারীকে আটক করা হয়।

বুধবার (১২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা যায়, চেঙ্গি স্কয়ার এলাকায় বস্তায় করে গুইসাপ রাখা হয়েছে—এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় বন বিভাগের একটি টহল দল। রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহজনক পাঁচটি বস্তায় তল্লাশি চালানো হয়। এ সময় বস্তাগুলো থেকে ২৪টি গুইসাপ উদ্ধার করা হয়।

বন বিভাগ জানিয়েছে, উদ্ধার হওয়া গুইসাপের মধ্যে ১৪টি আগেই মারা যায়। জীবিত অবস্থায় উদ্ধার করা বাকি ১০টি গুইসাপ বন বিভাগের হেফাজতে নেওয়া হয়।

আটক নারী প্রেমস্রাসো মারমা (৪৭) জেলার পানছড়ি এলাকার বাসিন্দা। তিনি জানান, চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারৈয়ারহাট থেকে ১০ হাজার টাকায় ২৪টি গুইসাপ কিনে খাগড়াছড়িতে নিয়ে এসেছিলেন। এগুলো বিক্রির উদ্দেশ্যেই কেনা হয়েছিল বলে জানান তিনি।

প্রেমস্রাসো মারমার দাবি, খাগড়াছড়িতে গুইসাপের মাংস প্রতি কেজি ৪০০ টাকা দরে বিক্রি হয়। স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু মানুষ এ মাংসের ক্রেতা বলেও তিনি জানান।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, উদ্ধার হওয়া ১০টি জীবিত গুইসাপ বুধবার রাতেই আলুটিলা সংলগ্ন জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। অন্যদিকে মৃত ১৪টি গুইসাপ মাটিতে পুঁতে ফেলা হয়েছে।