উপশহর নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বাঞ্চলের সদর ও বিজয়নগর উপজেলাধীন দত্তখোলা হাওরসহ একাধিক বিল, কৃষিজমি ও বসতবাড়িসহ ১ হাজার ২০০ একর ভূমি ভরাট করে প্রস্তাবিত উপশহর নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

বুধবার (১২ আগস্ট) তিতাস পূর্বাঞ্চল বসতভিটা, কৃষিজমি ও জলাশয় রক্ষা কমিটির আয়োজনে কাউতলী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাইপাস সড়কে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে তিতাস পূর্বাঞ্চল বসতভিটা, কৃষি জমি ও জলাশয় রক্ষা কমিটির আহ্বায়ক হোসেন আহমেদ খান (বাবুর মাস্টার) এর সভাপতিত্বে বক্তব্য দেন- ভাসানী চর্চা কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার সংগঠক বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, জেলা উদীচীর সভাপতি জহিরুল ইসলাম স্বপন, কৃষিজমি ও জলাশয় রক্ষা কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ১২ শ একর কৃষি জমি ও জলাশয় ভরাট করে এই প্রকল্প বাস্তবায়ন করা হলে প্রান্তিক কৃষকরা তাদের জমি হারিয়ে কর্মহীন হয়ে পড়বেন। এতে তাদের পরিবার পরিজন নিয়ে অনিশ্চিত জীবনের দিকে ধাবিত হবে। এলাকার খাদ্য নিরাপত্তার উপর প্রভাব পড়ার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্রের ওপর বিরূপ প্রভাব পড়বে। সরকার যদি আত্মঘাতী এ প্রকল্প থেকে সরে না আসে তাহলে কঠোর আন্দোলন গড়ে তুলতে তারা বাধ্য হব।

মানববন্ধন থেকে প্রস্তাবিত উপশহর প্রকল্পের স্থান পুনর্বিবেচনা, বিল-জলাশয় ও কৃষিজমি রক্ষা এবং স্থানীয় জনগণের মতামত নিয়ে পরিবেশ সম্মত উন্নয়ন পরিকল্পনা গ্রহণের দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, গত ১২ জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের দপ্তর থেকে সচিবের একান্ত সচিব বশির আহমেদ (সিনিয়র সহকারী সচিব) স্বাক্ষরিত এক চিঠি থেকে জানা গেছে, গৃহায়ন ও গণপূর্ত সচিব নজরুল ইসলাম পরদিন ১৩ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার সদর ও বিজয়নগর উপজেলাধীন সম্ভাব্য আবাসিক প্লট স্থাপন উন্নয়ন প্রকল্পের স্থান পরিদর্শনে আসছেন। যার অনুলিপি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে পাঠানো হয়েছিল।