অবৈধ ইটভাটায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কেটে পরিবেশ বিপন্ন করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন করায় ৫টি মামলায় মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

​শনিবার (১৫ আগস্ট) উপজেলার ফাইতং ইউনিয়নের রাইম্যাখোলা এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।

জরিমানা আদায় করা ইটভাটাগুলো হলো- ​ডিবিএম,​ এমএমবি, ​এমবিআই, ​এবিসি৪ ​ও ইউএমবি।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ আইন অমান্য করে এবং নিয়মনীতি তোয়াক্কা না করে ইটভাটা পরিচালনার দায়ে ৫টি মামলায় ৫ জন আসামিকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন জানান, পরিবেশ সুরক্ষায় এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।