কক্সবাজার শহরের এন্ডারসন রোড এলাকার আবাসিক হোটেল সৌদিয়া থেকে মো. হানিফ (৫৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে হোটেলটির তৃতীয় তলার ১৯ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. হানিফ সিকান্দার কাজীর ছেলে। তার স্থানীয় ঠিকানা ঢাকার মিরপুর বলে জানা গেছে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, রোববার রাত ১১টার দিকে সর্বশেষ খাবার খেতে নিজের কক্ষ থেকে বের হন হানিফ। এরপর সোমবার দুপুরের দিকে হোটেলের এক স্টাফ তার কক্ষে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলী জানান , মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।