কক্সবাজার থেকে ঢাকাগামী একটি শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার পর স্থানীয়রা বাসের জানালার কাচ ভেঙে ভেতরে আটকে পড়া যাত্রীদের নিরাপদে বের করে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। বাসটি আইকন পরিবহনের বলে জানিয়েছে পুলিশ।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক জানান, আগুন লাগার ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। স্থানীয়দের সহায়তায় বাসের যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। একই সঙ্গে বাসের ভেতরে থাকা যাত্রীদের মালামালও উদ্ধার করে তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
তবে যাত্রীদের বরাত দিয়ে রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ বলেন, বাসে আগুন লাগার বিষয়টি চালক বা হেলপার যাত্রীদের জানাননি। ঘটনার পর থেকে চালক ও হেলপার পলাতক রয়েছেন বলে জানা গেছে।
তিনি বলেন, প্রথমে বাসের ভেতর থেকে পোড়া গন্ধ পাওয়া যায়। পরে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে জানালার কাচ ভেঙে যাত্রীদের বের করে আনেন। খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে আমরাও ঘটনাস্থলে পৌঁছাই।
স্থানীয় বাসিন্দা আনিস ইসলাম বলেন, বাসের ভেতরে আগুন লাগার পর ধোঁয়া ও পোড়া গন্ধে যাত্রীরা শ্বাস নিতে পারছিলেন না। স্থানীয়রা দ্রুত জানালার কাচ ভেঙে তাদের বের করে আনেন। সময়মতো যাত্রীদের উদ্ধার করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
পরে খবর পেয়ে রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।