বেগমগঞ্জে অস্ত্রধারীদের এলোপাতাড়ি গুলিতে শিক্ষকসহ আহত ৩

নোয়াখালীর বেগমগঞ্জে একটি বাজারে মুখোশ পড়ে অস্ত্রধারীদের এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় স্কুলশিক্ষকসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন স্থানীয় শামসুন্নাহার উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজিবুজ্জামান (৫৬), দোকান কর্মচারী মো. সাকিব (১৭) ও মোহাম্মদ নাজিম উদ্দিন (১৮)। তাদের শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলি লেগেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে ১০ থেকে ১২ জন মুখোশধারী অস্ত্রধারী বাজারের পূর্ব গলি দিয়ে নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে আসে। সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণের পর তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় সড়ক দিয়ে চলাচলকারী শিক্ষক রাজিবুজ্জামান, দোকান কর্মচারী সাকিব ও নাজিম গুলিবিদ্ধ হন।

রাজিবুজ্জামানের শ্যালক মো. সুমন জানান, তার পিঠ, হাত ও বুকে কয়েকটি ছররা গুলি লেগেছে। বর্তমানে বাড়িতেই তার চিকিৎসা চলছে।

বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, দুর্বৃত্তরা তার দোকানের সামনেও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। সবাই মুখোশ পরা ছিল। পরে এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাজিব উদ্দিন চৌধুরী জানান, রাত একটার দিকে বেগমগঞ্জ থেকে সাকিব ও নাজিমকে ছররা গুলিতে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান।

ওসি বলেন, ছররা গুলি ও স্প্লিন্টারের আঘাতে তিনজন আহত হওয়ার তথ্য তারা পেয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। আহতদের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য নেওয়া হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।