জামালপুর শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার একটি ফ্ল্যাট থেকে ইশরাত জাহান (৩৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্ল্যাটের অন্য একটি কক্ষে আটকে থাকা তার দুই শিশু সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে শহরের শেখের ভিটা রেলক্রসিং সংলগ্ন বাবুল মিয়ার ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম ইশরাত জাহান। তার স্বামী কাউসার আহাম্মেদ শাওন। তাদের ৮ বছর বয়সি একটি মেয়ে ও ৫ বছর বয়সি একটি ছেলে রয়েছে।
স্থানীয়রা জানান, সকাল থেকে ফ্ল্যাটের জানালা দিয়ে দুই শিশু বারবার পানি চাইতে থাকে। তাদের কান্নাকাটি শুনে আশপাশের বাসিন্দাদের সন্দেহ হয়। পরে ভবনের মালিকপক্ষকে বিষয়টি জানানো হলে ফ্ল্যাটটির মূল দরজায় বাইরে থেকে তালা লাগানো পাওয়া যায়। একপর্যায়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শিশু দুটিকে উদ্ধার করা হয়।
পরে ফ্ল্যাটের অপর একটি কক্ষে এক নারীর নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। জরুরি সেবা ৯৯৯ এ জানানো হয় পুলিশকে। খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে নিহত নারীর স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
স্থানীয় বাসিন্দারা বলেন, রাতে ঘুমানোর পর সন্তাদের কক্ষের দরজা আটকে রাখা হয়। পরে তারা দুই স্বামী-স্ত্রী হয়তোবা ঝগড়ায় লিপ্ত হয়। ঝগড়ার একপর্যায়ে স্ত্রীকে হত্যা করে স্বামী পালিয়ে যায়। সন্তানরা সকালে ঘুম থেকে উঠলে দরজা বন্ধ থাকায় ডাকচিৎকার করলে স্থানীয়রা বিষয়টি জানতে পারে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
খাগড়াছড়িতে বজ্রপাতে দম্পতিসহ তিনজনের মৃত্যু
নৌকাবাইচ নিয়ে আপত্তির অবসান, আয়োজন কবে?
ট্রাকচাপায় প্রাণ গেলো শিক্ষকের