যৌতুক মামলায় স্বামীর কারাদণ্ড

রাঙামাটিতে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর, নির্যাতন ও সংসার থেকে বের করে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় মো. আরমান হোছাইন (২৯) নামের এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট ) বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মাহাবুবুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার বাদী মোছা. মিনুয়ারা আক্তার (৩০) এবং প্রধান আসামি তার স্বামী মো. আরমান হোছাইন।

মামলার এজহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৪ ডিসেম্বর আরমান হোছাইনের সঙ্গে মিনুয়ারা আক্তারের বিয়ে হয়। বিয়ের প্রায় পাঁচ-ছয় মাস পর থেকেই স্বামী মো. আরমান যৌতুকের জন্য তাকে চাপ দিতে থাকেন। সংসার টিকিয়ে রাখার আশায় তিনি তার বাবার কাছ থেকে কয়েক দফায় পাঁচ লাখ ৮ হাজার টাকা এনে দেন। পরবর্তীতে স্বামী বিদেশে যাওয়ার কথা বলে তার কাছে আরও দুই লাখ টাকা যৌতুক দাবি করেন।

দাবিকৃত টাকা দিতে না চাইলে স্বামীর বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়। পরে সন্তানকে নিয়ে ২০২২ সালের ১৫ জানুয়ারি তিনি তার ভগ্নিপতির বাড়িতে আশ্রয় নেন। এরপর ২০২৩ সালের ১২ জুন মিনুয়ারা স্বামীকে সংসার করার অনুরোধ করলে আরমান পুনরায় দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আরমান মারধর করেন। পরে তিনি থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় আদালতে সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আসামির বিরুদ্ধে এই রায় দেওয়া হয়।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাড. মাকসুদা হক জানান, আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী তাকে সাজা দেওয়া হয়েছে।