নোয়াখালী সদর উপজেলায় চাঁদার দাবিতে দুবাই প্রবাসী যুবকের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। হামলায় নারী ও শিশুসহ একই পরিবারের ৮ জন আহত হয়েছে। এ সময় দুবাই প্রবাসী যুবকের বিয়ে গেইট-প্যান্ডেল ভাঙচুর করা হয়।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- প্রবাসী যুবক রাজু হোসেনের বাবা আবদুল হক মাস্টার (৭০), মা ফেরদৌসী বেগম (৫৫), ছোট ভাই আজাদ হোসেন (২০), বড় বোন সুমি (২৮), শারমিন (২৬), ভাগিনা রাফসান (৮), ভাগনি আয়েশা (৪) ও লিজা (২)। তাদের মধ্যে রাজুর বাবা, মা, ভাই ও দুই বোনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাজু হোসেন জীবিকার তাগিদে ৪ বছর আগে দুবাই যান। এরপর থেকেই একই এলাকার আনোয়ার, আকবর, রহমানের চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা না পেয়ে তারা বিভিন্ন সময় হামলার হুমকি দিয়ে আসছে। গত মাসে রাজু দেশে আসেন। আগামী বুধবার তার বিয়ের দিন ধার্য হয়। কাল গায়ে হলুদ অনুষ্ঠান।
সোমবার দুপুর ১২টার দিকে আনোয়ার, আকবর ও রহমানের নেতৃত্বে ২০/২৫ জন বাড়িতে এসে হুমকি দিতে থাকে। এ সময় ৯৯৯ এ ফোন দিলে দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিয়ের পরে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে যায়। পুলিশ চলে যাওয়ার পর তারা আরো ক্ষিপ্ত হয়ে বিকেল ৪টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা করে। এতে নারী ও শিশু সহ ৮ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো. শাহরিয়ার জানান, গুরুতর জখম হওয়ায় হাসপাতালে ৫ জনকে ভর্তি নেওয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।