ঝিনাইদহে চাচাতো ভাইয়ের দায়ের কোপে যুবকের পা বিচ্ছিন্ন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ এএম

ঝিনাইদহ সদর উপজেলায় পূর্ববিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো দায়ের কোপে আবু সুমা (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন। এতে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোয়ালপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই ঘটনা ঘটে।

আহত আবু সুমা ওই গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

আহত আবু সুমা ও অভিযুক্ত মামুন সম্পর্কে চাচাতো ভাই। মামুন গোয়ালপাড়া গ্রামের শফি মাস্টারের ছেলে।

আহতের পরিবারের অভিযোগ, আবু সুমা তার ছেলেকে খেলার মাঠ থেকে বাড়িতে ডাকতে গেলে তাকে একা পেয়ে তার চাচাতো ভাই মামুন (২৬) ধারালো দা দিয়ে তার ডান পায়ে উপর্যুপরি কোপ দেন। এতে তার ডান পা জখম হয়ে গোড়ালির নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পরিবারের দাবি, অভিযুক্ত মামুন বিভিন্ন সময় নেশাগ্রস্ত অবস্থায় তার স্ত্রীকে মারধর করতেন। বিষয়টি নিয়ে আবু সুমা তাকে পারিবারিকভাবে কয়েকবার নিষেধ করেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সেই পূর্ববিরোধের জের ধরেই আবু সুমার ওপর এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন।

এমইউ
আরও পড়ুন