নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, একই দিন ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়ার মেঘনা নদীতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা। অভিযানকালে সন্দেহজনক দুটি বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৫৯৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা সিমেন্টের ওজন ২৯ হাজার ৭৫০ কেজি এবং আনুমানিক মূল্য ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি বোটসহ ১২ জন পাচারকারীকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।