নারায়ণগঞ্জে মদ্যপ অবস্থায় অস্বাভাবিক আচরণের অভিযোগ ওঠার পর আব্দুল মান্নান নামে এক পুলিশ কর্মকর্তাকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। তিনি সদর নৌ থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার অস্বাভাবিক আচরণের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সদর নৌ থানার সংলগ্ন সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় ঘটনাটি ঘটে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আব্দুল মান্নান কখনো মাটিতে বসে গান গাইছেন, আবার কখনো নাচছেন। একপর্যায়ে তাকে কান্নাকাটিও করতে দেখা যায়। তার অসংলগ্ন কথাবার্তা ও আচরণে সেখানে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়।
ঘটনার সময় উপস্থিত লোকজন তার এমন আচরণের কারণ জানতে চাইলে তিনি দাবি করেন, পারিবারিক বিরোধের জেরে স্ত্রী তাকে মারধর করেছেন। এরপর তিনি মদ পান করেছেন বলেও জানান।
তবে সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, পারিবারিক সমস্যার কারণে আব্দুল মান্নান মানসিকভাবে অসুস্থ। তার পরিবারের কাছ থেকে চিকিৎসাসংক্রান্ত নথিও সংগ্রহ করা হয়েছে।
ওসি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। এরপর আব্দুল মান্নানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। ঘটনাটি নিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে।
আজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৫তম শাহাদাতবার্ষিকী
কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজির সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের