চট্টগ্রামের ডিসি হিল এলাকায় গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুর হত্যার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বাবলা দাস। তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের ব্যক্তিগত গাড়িচালক।
রোববার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করেন বাবলা দাস। পরে তাঁর জামিন আবেদনের শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজবীন সুলতানা জেনী।
আইনজীবী নাজবীন সুলতানা জেনী বলেন, আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জামিন দিয়েছেন। তবে মামলার শুনানি ও তদন্তের অগ্রগতি সম্পর্কে তাঁকে জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, পুলিশ ইতোমধ্যে মামলার চার্জশিট জমা দিয়েছে। প্রায় ১০ দিন আগে চার্জশিটের অগ্রগতি জানতে আদালতে আবেদন করার পর তিনি জানতে পারেন, পুলিশ তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৪ ডিসেম্বর রাতে ডিসি হিল এলাকায় গাড়িচাপায় অন্তঃসত্ত্বা একটি কুকুর হত্যার অভিযোগে আদালতে নালিশি মামলা করেন পশুপ্রেমী তোফাইল আহম্মদ। মামলায় জেলা প্রশাসকের গাড়িচালক বাবলা দাস ও একজন নিরাপত্তাপ্রহরীকে আসামি করা হয়।
অভিযোগে বলা হয়, ওই রাতে জেলা প্রশাসকের বাসভবন থেকে একটি গাড়ি বের হওয়ার সময় নিরাপত্তাপ্রহরী প্রধান ফটক খুলে দেন। ফটকের সামনে একটি অন্তঃসত্ত্বা কুকুর বসে থাকলেও গাড়িচালক সেটিকে সরিয়ে না দিয়ে গাড়ি চালিয়ে দেন। এতে কুকুরটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যায়। কুকুরটি চাপা পড়েছে বুঝতে পারার পরও চালক গাড়ি না থামিয়ে চলে যান বলে অভিযোগ করা হয়। নিরাপত্তাপ্রহরীর বিরুদ্ধেও কুকুরটিকে সরানোর বা পরে উদ্ধারের চেষ্টা না করার অভিযোগ আনা হয়।
ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে পশুপ্রেমীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।
পরে আদালত মামলাটি এফআইআর হিসেবে নিতে কোতোয়ালি থানাকে নির্দেশ দেন এবং ১৫ দিনের মধ্যে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত আগস্টে মামলাটির তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। এতে নিরাপত্তাকর্মীকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। অন্যদিকে গাড়িচালক বাবলা দাসকে মামলায় অভিযুক্ত করা হয়েছে।