ভাঙ্গায় নিজ কক্ষে ঝুলছিল যুবকের মরদেহ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম

​ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিজ কক্ষ থেকে মারুফ খান (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের পূর্ব মাধবপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মারুফ খান ওই গ্রামের মিন্টু খানের ছেলে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মারুফ মাদকাসক্ত ছিলেন বলে অভিযোগ স্বজন ও প্রতিবেশীদের। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার প্রায়ই কলহ হতো। শনিবার রাতেও পরিবারের ওপর অভিমান করে না খেয়েই নিজ কক্ষে ঘুমাতে যান তিনি। এ নিয়ে স্ত্রীও অভিমান করে অন্য কক্ষে রাত কাটান।

​রোববার সকালে পরিবারের সদস্যরা মারুফকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাননি। একপর্যায়ে তার স্ত্রী জানালার থাই গ্লাস দিয়ে ঘরের ভেতর মারুফকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দরজা ভেঙে মরদেহটি নিচে নামান। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমসিএইচ
আরও পড়ুন