চোর সন্দেহে খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালীতে চোর সন্দেহে মো. ফয়সাল (২৬) নামে এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধরের পর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন কিশোরের মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, সোমবার রাতে চোর সন্দেহে কয়েকজন ফয়সালকে আটক করেন। পরে তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাতভর মারধর করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার সকালেও তাকে কয়েক দফা মারধর করা হয়। একপর্যায়ে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ফয়সালকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় কয়েকজন কিশোরকে মারধর করতে দেখা যায়। তবে ভিডিওটি কখন ও কোথায় ধারণ করা হয়েছে এবং এর সঙ্গে ওই ঘটনার সম্পৃক্ততা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয়রা বলছেন, কারও বিরুদ্ধে চুরির অভিযোগ থাকলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার পরিবর্তে আটকে রেখে মারধর বা নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার কথা তিনি শুনেছেন। তিনি হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।