বৃষ্টি হলেই কাদা-পানিতে পরিণত হয় সড়কটি। যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটেও স্বাভাবিকভাবে চলাচল কঠিন হয়ে পড়ে। নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের পিপুলশান গ্রামের প্রায় দেড় কিলোমিটার কাঁচা সড়কটি দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগের কারণ হয়ে আছে। এতে শিক্ষার্থী, খামারি, রোগীসহ গ্রামের শত শত মানুষকে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আমীর হোসেন জানান, পিপুলশান গ্রামের গুরুত্বপূর্ণ এই সড়কটি ব্যবহার করে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করেন। সড়কের আশপাশে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি প্রতিবন্ধী বিদ্যালয়, বাজার, মসজিদ ও আশ্রয়ণ কেন্দ্র। ফলে গ্রামের মানুষের দৈনন্দিন চলাচলে রাস্তাটির গুরুত্ব অনেক। কিন্তু দীর্ঘদিনেও এটি পাকা না হওয়ায় বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
গ্রামে একাধিক মুরগির খামার রয়েছে। সড়কের বেহাল অবস্থার কারণে খামারিদেরও নানা সমস্যায় পড়তে হচ্ছে। খামারে খাদ্য পৌঁছানো এবং উৎপাদিত মুরগি ও ডিম বাজারে নেওয়ার ক্ষেত্রে স্বাভাবিক পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়। অনেক সময় যানবাহন চলাচল করতে না পারায় বিকল্প উপায়ে পণ্য পরিবহন করতে হয়। এতে বাড়তি খরচের পাশাপাশি ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ছেন খামারিরা।
শিক্ষার্থীদের দুর্ভোগও কম নয়। বর্ষায় কাদা মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয় তাদের। অনেক সময় পোশাক ও বই-খাতা কাদায় নষ্ট হয়ে যায়। বৃষ্টি বেশি হলে সড়ক দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতও ব্যাহত হয়।
আরেক স্থানীয় বাসিন্দা জিয়াউল হক জানান, শুধু শিক্ষার্থী ও খামারিরাই নন, জরুরি প্রয়োজনে রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার ক্ষেত্রেও চরম সমস্যায় পড়তে হয়। বিশেষ করে বৃষ্টির সময় অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন চলাচল করতে না পারায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
গ্রামবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি পাকা করার দাবি জানিয়ে আসছেন তারা। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার বিষয়টি তুলে ধরেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। বিভিন্ন সময় সংস্কারের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে সড়কটির উন্নয়ন হয়নি।
স্থানীয়দের দাবি, পিপুলশান গ্রামের মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত দেড় কিলোমিটার কাঁচা সড়কটি পাকা করার উদ্যোগ নেওয়া হোক। সড়কটি নির্মাণ হলে শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল সহজ হওয়ার পাশাপাশি কৃষি ও খামারভিত্তিক স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা।
আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১২ নেতাকর্মীসহ গ্রেপ্তার ২০
সাতক্ষীরায় ৫০ শিক্ষার্থী পেল আব্দুল লতিফ সরদার শিক্ষা বৃত্তি