বিএনপি নেতার গোয়ালে মিললো চুরি যাওয়া গরু

লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি যাওয়া একটি গরু বিএনপির এক স্থানীয় নেতার গোয়াল থেকে উদ্ধারের ঘটনায় দলীয়ভাবে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পুলিশও ঘটনাটি তদন্ত করছে। তবে ওই নেতা দাবি করেছেন, গভীর রাতে দুই ব্যক্তি তার গোয়ালে গরুটি রেখে গেছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে গরুটি উদ্ধার করে পুলিশ। গরুটির মালিক ভাটরা ইউনিয়নের নলছারা জোয়ার এলাকার হতি বেগম।

দলীয় সূত্রে জানা গেছে, শোকজ পাওয়া নেতা দেলোয়ার হোসেন ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। গরু উদ্ধারের ঘটনায় ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে হতি বেগমের দুটি গরু চুরি হয়। পরদিন শুক্রবার তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রামগঞ্জ থানায় মামলা করেন। এরপর স্বজন ও স্থানীয় বাসিন্দারা চুরি যাওয়া গরু দুটির সন্ধানে বিভিন্ন এলাকায় খোঁজ শুরু করেন।

খোঁজের একপর্যায়ে স্থানীয় কয়েকজন দেলোয়ার হোসেনের গোয়ালঘরে একটি গরু দেখতে পান। স্থানীয়রা দাবি করেন, এটি হতি বেগমের চুরি যাওয়া গরুগুলোর একটি। খবর ছড়িয়ে পড়লে দেলোয়ারের বাড়ির সামনে লোকজন জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে দেলোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হচ্ছে। তবে তাকে এলাকায় পাওয়া যায়নি।

অন্যদিকে মুঠোফোনে দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গরু চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, গভীর রাতে দুই ব্যক্তি তার গোয়ালে গরুটি রেখে যান। দলীয় কারণ দর্শানোর নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করে তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে এর জবাব দেবেন।

ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম মজুমদার বলেন, ঘটনাটি দলের জন্য দুঃখজনক। সাংগঠনিক নিয়ম অনুযায়ী দেলোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর দলীয়ভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, চুরি যাওয়া দুটি গরুর মধ্যে একটি দেলোয়ার হোসেনের বাড়ি থেকে এবং অন্যটি চাটখিল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। দেলোয়ারকে পুলিশ খুঁজছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।