নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর মো. আইয়ুব হোসেন (৫০) নামে এক ভাঙারি ব্যবসায়ীর হাত-পা বাঁধা ও বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জামিল হোসেন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাঁচপুরে ‘জালালাবাদ ওষুধ কোম্পানি’র পেছনে একটি ভাঙারি গোডাউনের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আইয়ুব হোসেন কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।
এরপর বুধবার সকালে স্থানীয়রা ভাঙারি গোডাউনের পাশের ডোবায় একটি বস্তা ভাসতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাঁরা পুলিশকে খবর দেন। পরে সোনারগাঁ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। বস্তার ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহ পাওয়া যায়।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নারায়ণগঞ্জের ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ বলেন, আইয়ুব হোসেনের মৃত্যুর প্রকৃত কারণ বা হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে। ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগ, গ্রেপ্তার ৩
আধুনিক সরঞ্জাম পড়ে আছে, প্রশিক্ষক সংকটে বন্ধ ৩ ট্রেড