মুরাদনগরে জোড়া খুনের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে দুইজনকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

পুলিশ জানিয়েছে, ঘটনার ২০ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামি ও মামলার মূল আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মোস্তাক আহম্মেদ (৫৮), তার স্ত্রী হনুফা বেগম (৪৫) এবং মোস্তাকের পালিত মেয়ে ইতি (১৮)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান।

পুলিশ জানায়, ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় মুরাদনগর থানার ধরানীপাড়া গ্রামে দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধের জেরে মঞ্জুরুল আলম (৩৫) ও খালেদা আক্তার বেবি (৭০) হত্যার শিকার হন। আপন চাচা ও ভাতিজার মধ্যে বিরোধের সূত্র ধরে তাঁদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

ঘটনার পর মুরাদনগর থানায় হত্যা মামলা হলে জেলা পুলিশ সুপারের নির্দেশে ডিবির একটি বিশেষ দল তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লা শহরের বাদশাহ মিয়া বাজার এলাকা থেকে মামলার এজাহারভুক্ত ২ ও ৩ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরো জানায়, মামলার প্রধান আসামি মোস্তাক আহম্মেদ ট্রেনে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকায় চলন্ত ট্রেনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জমি-সংক্রান্ত বিরোধের জেরে মঞ্জুরুল আলম ও খালেদা আক্তার বেবিকে হত্যার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।