নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। আওয়ামী লীগ সমর্থক এক ব্যবসায়ীর বাড়িতে আয়োজিত দাওয়াতে অংশ নেওয়ার অভিযোগ ওঠার পর তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এর মধ্যেই উপজেলার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত একটি দাওয়াতে ওসির অংশ নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সমালোচনাও হয়।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন জানান, শনিবার সন্ধ্যায় ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়। এরপর তিনি থানা থেকে চলে যান। তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানেন না বলে জানান।
অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, একজনের বাড়িতে গিয়ে দাওয়াতে অংশ নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।
জেলা পুলিশ জানিয়েছে, তদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।