কুমিল্লার দেবিদ্বারে মা ও আট মাস বয়সী ভাতিজিকে হত্যার অভিযোগ উঠেছে ইমন (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তার ভাবি আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ইমনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ায় মোস্তফা মাস্টারের বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৬৫) ও তার আট মাস বয়সী নাতনি ইসরাত। এ ঘটনায় পেয়ারা বেগমের পুত্রবধূ রাবেয়া বেগম (৩৫) গুরুতর আহত হয়েছেন। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, সকালে ইমন পরিবারের সদস্যদের ওপর হামলা করেন। এতে তার মা পেয়ারা বেগম ও আট মাস বয়সী ভাতিজি ইসরাত মারা যায়। এ সময় বাধা দিতে গেলে রাবেয়া বেগম আহত হন। ঘটনার পর স্থানীয়রা ইমনকে আটক করে একটি ঘরে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মরিুজ্জামন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ইমনকে আটক করে।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।