সকাল থেকে নিখোঁজ ছিল তিন বছরের তায়িফা সুলতানা। স্বজনদের খোঁজাখুঁজি আর থানায় জিডির পর সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিশুটিকে ফুফু নার্গিস সুলতানা নিজের ঘরে নিয়ে যাচ্ছেন। পরে সেই ঘরে তল্লাশি চালিয়ে একটি বাক্সের ভেতর তায়িফার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুয়ালক বাজারসংলগ্ন ময়দার মিল এলাকায় সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পরে শিশুটির ফুফু নার্গিস সুলতানাকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত তায়িফা সুলতানা ওই এলাকার ইলিয়াস খানের মেয়ে।
পুলিশ জানায়, সোমবার সকাল থেকেই শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে তার বাবা ইলিয়াস খান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। পরে তাদের বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ। সেখানে তায়িফাকে তার ফুফু নার্গিস সুলতানার ঘরে নিয়ে যেতে দেখা যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে তার ঘরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে একটি বাক্সের ভেতর শিশুটির মরদেহ পাওয়া যায়।
পরিবারের সদস্যরা জানান, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর নার্গিস সুলতানা তার ভাই ইলিয়াস খানের সঙ্গে একই বাড়িতে থাকতেন। পরিবারের ধারণা, শিশুটির মায়ের সঙ্গে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে নার্গিসের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে নার্গিস সুলতানার কক্ষে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পেছনের কারণ এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি-না, তা তদন্ত করে দেখছে পুলিশ।