ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১৫ হাজার ৪৮টি ডিসপ্লে জব্দ করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) ভোররাতে উপজেলার ভাগলপুর সীমান্ত এলাকায় এ অভিযান চালায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। পরে দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলীনগর বিওপির টহলদল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় ২৫ থেকে ৩০ জনের একটি দল ভারত থেকে চোরাচালানি মালামালের কার্টন নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে কার্টনগুলো তল্লাশি করে ১৫ হাজার ৪৮টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। এসব ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত এক বছরে সরাইল ২৫ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে মাদকসহ মোট ১২৯ কোটি ৩ লাখ ৭২ হাজার ৮৭৪ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এ সময় ২৫ জনকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সোপর্দ করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, জব্দ করা চোরাচালানি পণ্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে। চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।