ইনানীতে নলকূপ খননের স্থানে গ্যাসের আগুন, ১৪৪ ধারা জারি

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গ্যাস উদগীরণস্থলের আগুন জোর করে নেভানোর চেষ্টা করা হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে গ্যাসকে স্বাভাবিকভাবে উন্মুক্ত অবস্থায় নির্গত হতে দিতে হবে। এদিকে, জননিরাপত্তার কথা বিবেচনা করে প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

জানা গেছে, মঙ্গলবার (২৭ অক্টোবর)  থেকে শুক্রবার পর্যন্ত টানা চার দিন ধরে ইনানীতে মাটির নিচ থেকে প্রাকৃতিক গ্যাসের সঙ্গে আগুন বের হচ্ছে। এর আগে ওই এলাকায় আব্দুল্লাহ নামের এক ব্যক্তি তার বাড়ির উঠানে নলকূপ বসানোর জন্য বোরিং করিয়েছিলেন। ওই বোরিংয়ের স্থান থেকেই গ্যাসের সঙ্গে আগুন বের হতে শুরু করে।

এদিকে, এ ঘটনায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলের চারপাশের ২০০ মিটার এলাকা কাঁটাতারের বেড়া ও লাল পতাকা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। গ্যাসের সঙ্গে আগুন বের হওয়ার পর থেকেই ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছিল। পরে বিকল্প ব্যবস্থায় সেখানে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। অন্যদিকে, গ্যাসের সঙ্গে আগুন বের হওয়ার দৃশ্য দেখতে মেরিন ড্রাইভে ঘুরতে আসা পর্যটকসহ দূরদূরান্ত থেকে শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় করছেন।

স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বললে তারা জানান, ইনানীতে প্রাকৃতিক গ্যাসের যে উপস্থিতির প্রমাণ মিলেছে, তা যথাযথভাবে সংরক্ষণ ও উত্তোলনের ব্যবস্থা করা গেলে দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখতে পারে। তবে বর্তমানে যেভাবে গ্যাসের সঙ্গে আগুন বের হচ্ছে, তা একদিকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে, অন্যদিকে দেশের জন্য এটিকে সম্ভাবনাময় সুসংবাদ হিসেবেও দেখছেন তারা।

ইনানীতে আসা ভূতাত্ত্বিক জরিপ দলের পার্টি চিফ এস. এম. নাফেফুন আরহাম বলেন, বর্তমান পরিস্থিতিতে গ্যাসকে উন্মুক্তভাবে নির্গত হতে দিতে হবে এবং নির্গমন স্থানের আগুনের শিখা বন্ধ করা যাবে না। এছাড়াও, গ্যাসের প্রবাহ পথে বাধা সৃষ্টি করা যাবেনা, অন্যথায় তা ভূগর্ভে জমা হয়ে পরবর্তীতে উচ্চচাপে বিস্ফোরণ হয়ে আরও বেশী এলাকায় ছড়িয়ে পড়তে পারে। প্রাথমিকভাবে ১৫ দিন পর্যন্ত গ্যাস এর ফ্লো পর্যবেক্ষণ করতে হবে। গ্যাস প্রবাহ ধীরে ধীরে কমে আসলে তা পরবর্তীতে একসময় প্রাকৃতিক ভাবেই বন্ধ হয়ে যাবে। উক্ত সময়ের মধ্যে গ্যাসের প্রবাহ না কমলে পুনরায় বিশেষজ্ঞ মতামত নিয়ে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, ইনানীতে গ্যাস নির্গত হয়ে আগুন জ্বলার ঘটনায় জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগুনের উৎসস্থল থেকে ২০০ মিটারের মধ্যে সর্বসাধারণের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় আগুন জ্বালানো, ধূমপান ও দিয়াশলাই-লাইটার ব্যবহারসহ আগুনের ঝুঁকি তৈরি করতে পারে এমন সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।