খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের একটি কম্পিউটার, একটি ল্যাপটপ, জানালা ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউএনও কার্যালয়ের গার্ডে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা হঠাৎ বিকট শব্দ শুনতে পান। পরে খোঁজাখুঁজি করে খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে আগুন জ্বলতে দেখতে পান তাঁরা।
তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে কার্যালয়ের একটি কম্পিউটার, একটি ল্যাপটপ, জানালা এবং গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের পর ইউএনওর নির্দেশে ক্ষতিগ্রস্ত দুটি কক্ষ বর্তমানে তালাবদ্ধ রাখা হয়েছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে, নাকি অন্য কোনো কারণে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তদন্ত করে দেখছেন।
তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।