কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কলাতলী এলাকায় কক্স অ্যাম্বাসেডর হোটেলের অষ্টম তলার একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়।
অ খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় হোটেলে অবস্থানরত শতাধিক পর্যটকসহ আশপাশের হোটেলের অতিথি ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন। তিনি বলেন, হোটেলটির ৮ম তলার একটি কক্ষে এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে গত ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত আবাসিক হোটেল সি প্রিন্সেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।