সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় বোট দুটি থেকে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) রাত ৩টার দিকে সেন্টমার্টিনের দক্ষিণ সমুদ্র এলাকায় এই অভিযান চালানো হয়। সমুদ্রের প্রায় ১২ মিটার গভীরতায় পরিচালিত এ অভিযানে কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ অংশ নেয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার (১৪ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
মিডিয়া কর্মকর্তা বলেন, অপারেশন কোরাল দ্বীপ’ এর আওতায় দায়িত্ব পালনকালে সন্দেহজনক দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট শনাক্ত করে কোস্ট গার্ড। পরে বিশেষ অভিযান চালিয়ে বোট দুটি জব্দ করা হয়। বোটে তল্লাশি চালিয়ে ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ উদ্ধারসহ ৩৮ জেলেকে আটক করা হয়। জব্দ করা বোট, ট্রলিং জাল, সামুদ্রিক মাছ এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।