সুন্দরবনে দুই দিনে ২১ জেলে অপহরণ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম

পূর্ব সুন্দরবনের পৃথক এলাকায় বনদস্যুদের হাতে আরও ১৫ জেলে অপহরণের অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে সুন্দরবনের ভাঙ্গা, আমবাড়ীয়া ও নারিকেলবাড়ীয়া এলাকায় মাছ ধরার সময় তাদের তুলে নিয়ে যাওয়া হয়। এর আগে একই সময়ে আরও ছয় জেলেকে অপহরণের অভিযোগ ওঠে। সব মিলিয়ে গত দুই দিনে ২১ জেলে অপহৃত হওয়ার ঘটনায় জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় জানান, শনিবার দিবাগত রাতে সাগরসংলগ্ন সুন্দরবনের ভাঙ্গা, আমবাড়ীয়া ও নারিকেলবাড়ীয়া এলাকায় মাছ ধরছিলেন জেলেরা। এ সময় অজ্ঞাতপরিচয় বনদস্যুরা তাদের বহরে হামলা চালিয়ে বিভিন্ন নৌকা থেকে একজন করে মোট ১৫ জেলেকে তুলে একটি ট্রলারে নিয়ে যায়।

ফরেস্ট রেঞ্জার জানান, অপহৃত ১৫ জেলের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- খুলনার আরিফ (২৫), সগীর (৩৪), মিঠু (৩০) ও ফেরদাউস (২৮); বরগুনার পাথরঘাটা ও তালতলী এলাকার ইব্রাহিম (৩৫), ইমরান (২৫), মোস্তাফিজুর (৩৫), আলামিন (২৮), হানিফ (৩৮) ও মারুফ (৪৯)। তিনি বলেন, এসব জেলে বন বিভাগের অনুমতিপত্র নিয়ে চরপাটা, পোকা জাল ও বড়শি দিয়ে সুন্দরবনের খালে মাছ ধরছিলেন।

মোংলার এক জেলে মহাজন জানান, শনিবার দিবাগত রাতে বনদস্যু করিম-শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের ঝাপসি এলাকার ভদ্রা নদী থেকে দুই জেলেকে অপহরণ করে। তারা হলেন মোংলার উলুকাটা চিলা এলাকার মাসুদ ইজারদার (২৮) ও ইমদাদুল ইজারদার (৩০)। শরণখোলা এলাকার কয়েকজন জেলে মহাজন বলেন, গত দুই দিনে ২১ জেলে অপহরণের ঘটনায় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃতদের দ্রুত উদ্ধার এবং সুন্দরবনে দস্যু দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ দাবি করেছেন তারা।

তবে কোস্ট গার্ড পশ্চিম জোনের মোংলা এলাকার কর্মকর্তারা জানান, সুন্দরবনে জেলে অপহরণের বিষয়ে তারা কোনো তথ্য পাননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখবে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত