ফটিকছড়ির স্থানীয় বাজারগুলোতে প্রতিদিনই দেখা মিলছে রংবেরঙের শীতকালীন সবজির। লাল টমেটো, সবুজ ফুলকপি, বাঁধাকপি আর নানা ধরনের শাকসবজিতে ভরে উঠছে বাজার। এসব সবজি কিনতে ভিড় করছেন ক্রেতারা।
তবে এসব সবজি উৎপাদনে কী পরিমাণ কীটনাশক ব্যবহার করা হচ্ছে, নির্ধারিত মাত্রা অনুসরণ করা হচ্ছে কি না এবং বিষ প্রয়োগের পর ফসল সংগ্রহের আগে প্রয়োজনীয় অপেক্ষাকাল মানা হচ্ছে কি না—এসব বিষয়ে অন্ধকারেই থাকছেন ভোক্তারা। ফলে বাজারের সতেজ সবজির আড়ালে কীটনাশকের ক্ষতিকর অবশিষ্টাংশ থেকে যাচ্ছে কি না, তা নিয়ে বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি ও উদ্বেগ।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সবজি চাষে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে রাসায়নিক বালাইনাশক। পোকামাকড় দমনে অনেক কৃষক সপ্তাহে দুই থেকে তিনবার পর্যন্ত কীটনাশক প্রয়োগ করছেন। ফসল সংগ্রহের আগে কীটনাশক প্রয়োগের পর নির্ধারিত অপেক্ষাকাল মোটেই মানা হচ্ছে না। ফলে এসব সবজিতে ক্ষতিকর রাসায়নিকের অবশিষ্টাংশ থেকে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের কৃষক মো: একলাস তার সাম্পান ফলে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের কথা স্বীকার করেন। তিনি বলেন, অতিরিক্ত কীটনাশক প্রয়োগের কারণে পরাগায়নে সহায়তাকারী মৌমাছি ও ভ্রমরজাতীয় পোকামাকড়ের উপস্থিতি কমে গেছে। এতে যথাযথ পরাগায়ন না হওয়ায় সাম্পান ফলের প্রথম দফার উৎপাদন আশানুরূপ হয়নি।
উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর ফটিকছড়িতে প্রায় ২ হাজার ৮০০ হেক্টর জমিতে আগাম জাতের সবজি চাষ হয়েছে। গত বছর শুধু বেগুনের আবাদ হয়েছিল প্রায় ৬৮০ হেক্টর জমিতে। কাঞ্চননগরসহ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে সবজি উৎপাদিত হচ্ছে। পাশাপাশি হালদা নদীর চর ও তীরবর্তী জমিতেও চাষ হচ্ছে নানা ধরনের শাকসবজি।
কাঞ্চননগর, নাজিরহাট পৌরসভা,খিরাম, সুয়াবিলসহ উপজেলার উত্তর ও দক্ষিণ অঞ্চলের স্থানীয় কয়েকজন কৃষক জানান, এসব এলাকায় অধিকাংশ কৃষকই বেগুন চাষ করেন। জমি উঁচু হওয়ায় বর্ষাকালে পানি জমে না, ফলে চাষাবাদে সুবিধা হয়। তবে বেগুনে পোকামাকড়ের আক্রমণ বেশি হওয়ায় নিয়মিত কীটনাশক প্রয়োগ করতে হয় বলে জানান তারা।
একজন কৃষক জানান, প্রতি বিঘা জমিতে বেগুন চাষে খরচ হয় ৭০ থেকে ৮০ হাজার টাকা। উৎপাদিত বেগুন বিক্রি করে সাধারণত ১ লাখ ৪০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা পাওয়া যায়। কখনো আয় দুই লাখ টাকাও ছাড়িয়ে যায়।
তিনি বলেন, এক কাঠা বা আড়াই শতক জমিতে দেড় থেকে দুই কেজি পর্যন্ত দানাদার কীটনাশক ব্যবহার করতে হয়। এরপরও পোকামাকড়ের আক্রমণ ঠেকানো যায় না। এ কারণে সপ্তাহে দুই থেকে তিন দিন তরল কীটনাশক স্প্রে করতে হয়।
স্থানীয় কৃষক লোকমান ও বেলাল বলেন, বেগুনের ফল ছিদ্রকারী পোকা দমনে সবচেয়ে বেশি কীটনাশক ব্যবহার করতে হয়। কৃষি কর্মকর্তারা নির্ধারিত মাত্রায় কীটনাশক ব্যবহারের পরামর্শ দিলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না বলে দাবি তাদের। এ কারণে অনেক কৃষক নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে বাজারের বিভিন্ন কীটনাশক ব্যবহার করেন।
কীটনাশক ব্যবহারের পর ফসল সংগ্রহের আগে নির্ধারিত অপেক্ষাকাল (পিএইচআই) মেনে চলেন কি না, জানতে চাইলে কৃষকেরা এ বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি।
কৃষিবিজ্ঞানের ভাষায়, প্রি-হারভেস্ট ইন্টারভ্যাল (পিএইচআই) হলো কীটনাশক প্রয়োগের পর ফসল সংগ্রহের আগে নির্ধারিত অপেক্ষাকাল। কীটনাশকের সক্রিয় উপাদান ও ফসলের ধরন অনুযায়ী এ সময়সীমা ভিন্ন হয়। নির্ধারিত সময়ের আগে ফসল সংগ্রহ ও বাজারজাত করা হলে সবজিতে কীটনাশকের ক্ষতিকর রাসায়নিক অবশিষ্টাংশ থেকে যাওয়ার আশঙ্কা থাকে, যা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের একটি গবেষণায় বেগুনে সাইপারমেথ্রিন প্রয়োগের সাত দিন পরও প্রতি কেজিতে ০.০২২ মিলিগ্রাম কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যায়। ওই গবেষণায় নির্দিষ্ট পরীক্ষার ক্ষেত্রে কীটনাশকটির অপেক্ষাকাল চার দিন নির্ধারণ করা হয়েছিল।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) গবেষকেরা ২০২৪ সালে দেশের আটটি অঞ্চলের বাজার থেকে বেগুন ও শিমের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন। ২৬টি বেগুনের নমুনার মধ্যে ১৫টিতে কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যায়। এর মধ্যে সাতটি নমুনায় অবশিষ্টাংশের মাত্রা সর্বোচ্চ অবশিষ্টাংশসীমা (এমআরএল) অতিক্রম করে। নমুনা
গুলোতে সাইপারমেথ্রিন, ডায়াজিনন ও কুইনালফসের উপস্থিতি পাওয়া যায়।
গবেষণায় দেশের আটটি অঞ্চলের বেগুনের নমুনা পরীক্ষা করে ২৬ দশমিক ৯২ শতাংশে সর্বোচ্চ অবশিষ্টাংশের সীমা (এমআরএল) অতিক্রমকারী কীটনাশকের উপস্থিতি পাওয়া গেছে। তবে ওই গবেষণায় ফটিকছড়ির কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। তা সত্ত্বেও দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে পাওয়া নমুনার এ চিত্র নিরাপদ সবজি উৎপাদন, সংগ্রহ ও বাজারজাতকরণ নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন বলেন, বেগুনের শতভাগ ফল পোকামাকড়মুক্ত রাখার চেষ্টা থেকেই অনেক কৃষক প্রয়োজনের তুলনায় বেশি কীটনাশক ব্যবহার করেন। অথচ সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) পদ্ধতির লক্ষ্য সব পোকা নির্মূল করা নয় বরং ফসলের অর্থনৈতিক ক্ষতি এড়ানোর মতো পর্যায়ে পোকা নিয়ন্ত্রণ করা।
তিনি বলেন, এ পদ্ধতিতে উপকারী পোকামাকড় সংরক্ষণ, ফেরোমন ফাঁদ স্থাপন, আক্রান্ত ফল অপসারণ ও জৈব বালাইনাশক প্রয়োগের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রাসায়নিক বালাইনাশক ব্যবহার করা হয়। এতে অপ্রয়োজনীয় কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ সবজি উৎপাদন সম্ভব।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের তথ্য অনুযায়ী, কীটনাশকের ধরনভেদে ফসল সংগ্রহের আগে অপেক্ষাকাল চার দিন, সাত দিন বা তারও বেশি হতে পারে। নির্ধারিত সময়ের আগে ফসল সংগ্রহ করলে খাদ্যে কীটনাশকের রাসায়নিক অবশিষ্টাংশ থেকে যাওয়ার ঝুঁকি থাকে।
ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, অনেক কৃষক ব্লকে নিয়োজিত উপসহকারী কৃষি কর্মকর্ত পরামর্শ না মেনে কীটনাশক বিক্রেতাদের কথামত কীটনাশক প্রয়োগ করেন। প্রতিযোগিতামূলক বাজারে বিক্রি বাড়াতে কোনো কোনো বিক্রেতা একাধিক কোম্পানির কীটনাশক ব্যবহার করেন অনেক সময়ে নিম্নমানের কীটনাশক ব্যবহারে ক্ষতিকর পোকার পাশাপাশি উপকারী পোকামাকড়ও মারা যেতে পারে। ফলে পরিবেশদূষণের পাশাপাশি খাদ্যে কীটনাশকের অবশিষ্টাংশ থাকার ঝুঁকিও তৈরি হয়।
তিনি আরো বলেন, কীটনাশকের ধরন, মাত্রা ও প্রয়োগপদ্ধতির ওপর ঝুঁকির মাত্রা নির্ভর করে। কৃষকদের নির্ধারিত মাত্রা অনুসরণ এবং কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী বালাইনাশক ব্যবহারে সচেতন করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, কীটনাশকের বিষক্রিয়া ও দীর্ঘমেয়াদি সংস্পর্শ মানবদেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। রাসায়নিকের ধরন ও মাত্রাভেদে স্নায়ুতন্ত্র, যকৃৎ, কিডনি, প্রজননব্যবস্থা ও রোগপ্রতিরোধব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম বলেন, শাকসবজি ও ফলমূল শরীরের জন্য উপকারী। তবে কীটনাশকের ক্ষতিকর অবশিষ্টাংশযুক্ত খাবার দীর্ঘদিন গ্রহণ করলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে শিশু, গর্ভবতী নারী এবং দীর্ঘদিন রাসায়নিকের সংস্পর্শে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।
তিনি আরো বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন পর্যায় থেকেই অতিরিক্ত কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। শুধু বাজারে সবজি পৌঁছানোর পরেই পরীক্ষা করলেই হবে না,কৃষকদের সঠিক পদ্ধতিতে কীটনাশক প্রয়োগ ও অপেক্ষাকাল মেনে চলা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এছাড়াও ফটিকছড়ির কৃষিজমির একটি অংশ হালদা নদীর চর ও তীরবর্তী এলাকায়। এসব জমিতে ব্যবহৃত রাসায়নিক বালাইনাশক বৃষ্টির পানি ও জমির নিষ্কাশনব্যবস্থার মাধ্যমে নদী বা খালে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। এতে জলজ প্রাণী ও মাছের প্রজনন পরিবেশও ক্ষতিগ্রস্ত হতে পারে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও হালদা গবেষক অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া বলেন, হালদা নদী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক রুইজাতীয় মাছের প্রজননক্ষেত্র। নদীর পানিতে কীটনাশকসহ বিভিন্ন রাসায়নিক দূষণ জলজ পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এতে মাছের স্বাভাবিক প্রজনন ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নদীর চরে চাষাবাদে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে নজরদারি ও জনসচেতনতা খুবই প্রয়োজন।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) পরামর্শ অনুযায়ী, প্রতিটি কীটনাশকের নির্দিষ্ট মাত্রা ও ফসল সংগ্রহের আগের অপেক্ষাকাল রয়েছে। কীটনাশকের প্যাকেট বা বোতলের লেবেলে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে। পাশাপাশি রাসায়নিক বালাইনাশকের ব্যবহার কমিয়ে জৈব বালাইনাশক ও সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিশেষজ্ঞদের মতে, নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি কৃষি বিভাগের নিয়মিত মাঠপর্যায়ের তদারকি প্রয়োজন। একই সঙ্গে কীটনাশক বিক্রেতাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। ফটিকছড়ির বাজারে বিক্রি হওয়া সবজির নমুনা সংগ্রহ করে নিয়মিত কীটনাশকের অবশিষ্টাংশ পরীক্ষা করা জরুরি। বিশেষ করে বেগুন, করলা ও টমেটোর মতো সবজির ওপর নজরদারি বাড়ানো প্রয়োজন।