পাহাড়ের কৃষকদের জন্য সাত কোটি টাকার কৃষিযন্ত্র দিচ্ছে রাঙামাটি জেলা পরিষদ

রাঙামাটির ১০ উপজেলার প্রান্তিক কৃষকদের মধ্যে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে আধুনিক কৃষিযন্ত্র ও খাদ্য প্রক্রিয়াজাতকরণের সরঞ্জাম বিতরণ করছে পার্বত্য জেলা পরিষদ। কৃষিকাজে যান্ত্রিকীকরণের পাশাপাশি উৎপাদিত ফলমূল ও কৃষিপণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণের সুযোগ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের পরিষদ সদস্যদের হাতে বিভিন্ন ধরনের কৃষিযন্ত্র তুলে দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অন্যতম অগ্রাধিকার কৃষির আধুনিকায়ন ও কৃষকদের জীবনমান উন্নয়ন। সরকারের এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে পাহাড়ের প্রান্তিক কৃষকদের আধুনিক প্রযুক্তির আওতায় আনতে জেলা পরিষদ এ উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, প্রাথমিক পর্যায়ে প্রতিটি উপজেলার কৃষকদের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে পাওয়ার টিলার, ধান রোপণ ও কাটার যন্ত্র, ফুড ড্রায়ার, জুসার, সিলারসহ খাদ্য প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন সরঞ্জাম। কৃষকদের প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে আরও আধুনিক যন্ত্র সরবরাহের পরিকল্পনা রয়েছে।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে এসব যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। উপজেলা অনুযায়ী কৃষকদের চাহিদা বিবেচনায় পাওয়ার টিলার, ধান রোপণ ও কাটার যন্ত্র, গ্রাইন্ডার, ফুড ড্রায়ার, জুসার ও সিলার মেশিন বিতরণ করা হচ্ছে।

জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী এরশাদ মন্ডল বলেন, পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কৃষিতে ইতিবাচক পরিবর্তন আনতে স্থানীয় কৃষকদের চাহিদা অনুযায়ী এসব সরঞ্জাম দেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ে প্রায় ৭ কোটি টাকার যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, এসব যন্ত্র ব্যবহারে কৃষিকাজে শ্রম ও সময় সাশ্রয় হবে। পাশাপাশি উৎপাদিত ফলমূল ও কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে সংরক্ষণ এবং বাজারজাত করার সুযোগ তৈরি হবে। ফুড ড্রায়ারে ফলমূল ও অন্যান্য খাদ্যপণ্য শুকানো, জুসারে ফলের পানীয় তৈরি এবং সিলার মেশিনে প্যাকেটজাত করা যাবে। অন্যদিকে পাওয়ার টিলার ও ধান রোপণ-কাটার যন্ত্র কৃষকদের কৃষিকাজ সহজ করবে। ভবিষ্যতেও কৃষকদের চাহিদা ও বাস্তব প্রয়োজন বিবেচনায় এ কার্যক্রম চালু রাখার কথা জানান তিনি।

সংশ্লিষ্টদের মতে, পাহাড়ের কৃষিতে দীর্ঘদিনের অন্যতম সমস্যা উৎপাদিত ফসল সংরক্ষণ ও বাজারজাতকরণ। দুর্গম যোগাযোগব্যবস্থা এবং পর্যাপ্ত সংরক্ষণ সুবিধা না থাকায় মৌসুমি ফলমূল ও শাকসবজির একটি বড় অংশ নষ্ট হয়। এতে উৎপাদন করেও অনেক কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। নতুন উদ্যোগে কাঁচা কৃষিপণ্যের পাশাপাশি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য তৈরির সুযোগ বাড়তে পারে।

পাহাড়ে উৎপাদিত আনারস, কলা, পেঁপে, আম ও কাঁঠাল দিয়ে জুস, শুকনো খাবারসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরির সম্ভাবনা রয়েছে। ফুড ড্রায়ারে ফলমূল সংরক্ষণ, জুসারে পানীয় তৈরি এবং সিলার মেশিনে প্যাকেটজাত করে এসব পণ্য বাজারজাত করা সম্ভব। পাশাপাশি বেকারি পণ্য তৈরি ও ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রম গড়ে তোলার সুযোগও তৈরি হতে পারে।

তিন পার্বত্য জেলার মধ্যে আয়তনে সবচেয়ে বড় রাঙামাটি। এ জেলার বিস্তীর্ণ পাহাড়ি জনপদে প্রায় ১৪টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস। এসব এলাকার অধিকাংশ মানুষের জীবন-জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। তবে আধুনিক প্রযুক্তি, কৃষিযন্ত্র, সংরক্ষণাগার ও প্রক্রিয়াজাতকরণের সুবিধার অভাবে পাহাড়ের কৃষি সম্ভাবনার পূর্ণ বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রায় ৭ কোটি টাকার এ উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন ও তদারকি করা গেলে পাহাড়ের কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে। এতে উৎপাদন ব্যয় ও শারীরিক শ্রম কমার পাশাপাশি ফসলের অপচয় রোধ, মূল্য সংযোজন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক পরিবারের আয় বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।