নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা ও দুর্যোগকালীন সহায়তা বিতরণ

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৫ এএম

শেরপুরের নালিতাবাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন ও আর্থিক সহায়তা এবং কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা তুলে দেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় অগ্নিকাণ্ড, বৈশাখী ঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং অসহায় পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন ও ঘর নির্মাণের জন্য অর্থের চেক দেওয়া হয়।

এ ছাড়া সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে দুটি পরিবারকে যথাক্রমে ৫ হাজার ও ১০ হাজার টাকা এবং আরও ২৪টি পরিবারকে ৪ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় ২৬টি পরিবারের মধ্যে মোট ৪১ বান ঢেউটিন বিতরণ করা হয়। এর মধ্যে ২২টি পরিবারকে দেড় বান করে এবং চারটি পরিবারকে দুই বান করে ঢেউটিন দেওয়া হয়। প্রতিটি পরিবারকে দেওয়া হয় ৩ হাজার টাকা করে।

অন্যদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৪ হাজার ৮০০ কৃষককে কৃষি প্রণোদনা দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষক পেয়েছেন এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান। এ সময় নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসাইন (ভিপি), উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন ও ইউনুস আলী দেওয়ান, উপজেলা শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবির, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত