মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন নিয়ে মাছ ধরার ট্রলারে উঠেছিলেন ৭২ জন নারী, পুরুষ ও শিশু। এরপর টানা আট দিন সাগরে ভেসে থাকার পর মানবপাচারকারী চক্রের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে ট্রলারটি কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে ভিড়িয়ে যাত্রীদের নামিয়ে দিয়ে পালিয়ে যান পাচারকারীরা। এ ঘটনায় নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। তবে ট্রলারে থাকা অন্য যাত্রীদের অনেকে বিভিন্ন দিকে চলে গেছেন বলে জানিয়েছেন উদ্ধার হওয়া ব্যক্তিরা।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ২৮ জনের মধ্যে একজন শিশু, দুই নারী ও ২৫ জন পুরুষ রয়েছেন।
উদ্ধারকৃতরা জানান , মালয়েশিয়ায় নেওয়ার কথা বলে তাঁদের ট্রলারে তোলা হলেও সাগরে অবস্থানকালে মাঝিমাল্লা ও মানবপাচারকারী চক্রের সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ট্রলারটি লাবণী পয়েন্টের কাছে এনে তীরে ভেড়ানো হয়। পরে পাচারকারী চক্রের সদস্যরা দ্রুত ট্রলার থেকে নেমে পালিয়ে যান।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট মাছ ধরার নৌকায় করে যাত্রীদের সাগরে অবস্থানরত একটি বড় ট্রলারে তুলে দেওয়া হয়। এরপর থেকে ৭২ জন ওই ট্রলারে অবস্থান করছিলেন। তাঁদের মধ্যে নারী ও শিশুও ছিলেন।
উদ্ধার হওয়া টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস জানান, ১২ নভেম্বর মিঠাপানির ছড়া ঘাট থেকে ছোট নৌকায় করে তাঁদের সাগরে থাকা বড় ট্রলারে নেওয়া হয়। এরপর টানা কয়েক দিন সাগরে ভাসমান অবস্থায় থাকতে হয়েছে তাঁদের। এ সময় ট্রলারে থাকা ১৭ জন মাঝিমাল্লা ও দালাল চক্রের সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়।
ইলিয়াস বলেন, একপর্যায়ে বিরোধের জেরে ট্রলারটি লাবণী পয়েন্টের কাছে নিয়ে ভেড়ানো হয়। পরে পাচারকারী চক্রের সদস্যরা দ্রুত নেমে পালিয়ে যান। ওই সময় ট্রলারে থাকা দুজনকে আটকে রেখে বেঁধে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
ইলিয়াসের দাবি, ট্রলারে মোট ৭২ জন নারী, পুরুষ ও শিশু ছিলেন। তাঁদের মধ্যে পুলিশ ২৮ জনকে উদ্ধার করেছে। অন্যরা ট্রলার থেকে নেমে বিভিন্ন দিকে চলে যান।
এদিকে এ ঘটনার সঙ্গে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে আব্দুল আমিনের (৪১) সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাঁর বিরুদ্ধে মানবপাচার, অপহরণ ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, এলাকায় প্রভাব বিস্তার করে পাহাড়কেন্দ্রিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন আব্দুল আমিন। মালয়েশিয়াগামী যাত্রীদের প্রথমে জিম্মি করে রাখা হয়। পরে রাতের আঁধারে ছোট মাছ ধরার নৌকায় করে সাগরের মাঝপথে বড় ট্রলারে তুলে দেওয়া হয়। এ প্রক্রিয়ায় তাঁর সংশ্লিষ্টতা রয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের আরও দাবি, আব্দুল আমিনের বিরুদ্ধে পুলিশ হত্যা ও তিন বন্ধু হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি এসব মামলার পলাতক আসামি। এ ছাড়া অপহরণ, মাদক কারবার ও মানবপাচারের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
অন্যদিকে টেকনাফ সদর ইউনিয়নকেন্দ্রিক মানবপাচারকারী হিসেবে সাইফুল ইসলাম ওরফে দাঁড়িওয়ালা, শামসুল আলম ওরফে কালা বাম্বু, হেলাল, ইসমাইল ও মো. আব্দুল্লাহসহ ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
এ ঘটনায় সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার নামে মানবপাচারকারী চক্রের তৎপরতা এবং নারী ও শিশুসহ যাত্রীদের জীবন ঝুঁকির বিষয়টি আবারও সামনে এসেছে। স্থানীয়দের দাবি, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ট্রলারে থাকা বাকি যাত্রীদের অবস্থান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মানবপাচার চক্রের নেপথ্যের হোতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।