কক্সবাজারের আরেক হোটেলে ফের অগ্নিকাণ্ড

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫০ এএম

কক্সবাজারের কলাতলী পর্যটন জোনের কক্স এম্বাসেডর আবাসিক হোটেলে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হোটেলটির অষ্টম তলার একটি কক্ষে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার সময় হোটেলটিতে শতাধিক পর্যটক অবস্থান করছিলেন।

আগুনের খবর ছড়িয়ে পড়লে হোটেলটির অতিথি, আশপাশের হোটেলের পর্যটক ও স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। নিরাপত্তার জন্য অনেকেই হোটেল ছেড়ে সড়কে অবস্থান নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলটির অষ্টম তলার একটি কক্ষে থাকা শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কাজ করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সাম্প্রতিক সময়ে কক্সবাজারের পর্যটন জোন ও আশপাশের এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল-মোটেল ও পর্যটন স্থাপনাগুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে। এতে অন্তত চারটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গত ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টের সৈকতসংলগ্ন আবাসিক হোটেল সি প্রিন্সেসের জেনারেটর কক্ষে আগুন লাগে। হোটেল কর্তৃপক্ষ ও পরে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়।

এরও আগে গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত এলাকায় কাঠ, বাঁশ ও টিন দিয়ে তৈরি দুই তলাবিশিষ্ট টুপটুপ রিসোর্ট ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ভোরে পর্যটকেরা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন আহত হন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। তবে কমিটির প্রতিবেদন জমা হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা কক্সবাজারের পর্যটন খাতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করছে। বিশেষ করে হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁয় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সরঞ্জাম, জরুরি বহির্গমন পথ, অগ্নিসংকেত ব্যবস্থা এবং প্রশিক্ষিত জনবল নিশ্চিত করা জরুরি।

কক্সবাজার চেম্বার অব কমার্সের উপদেষ্টা আবেদ আহসান সাগর বলেন, এভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে থাকলে পর্যটন জোনে আতঙ্ক তৈরি হবে। পর্যটকদের নিরাপত্তা ও পর্যটনশিল্পের স্বার্থে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবাসিক হোটেলসহ সব পর্যটন স্থাপনায় কার্যকর ও নিরাপদ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত