ফটিকছড়িতে দোকানিকে প্রকাশ্যে গুলি

চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ দোকানে বসে থাকা অবস্থায় মো. আবছার উদ্দিন চৌধুরী নামের এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তার হাত, পা ও পেটে গুলির আঘাত লেগেছে। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাঞ্চননগরের তেমুহনি বাজারের পূর্ব পাশে তার নিজের দোকানে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত আবছার উদ্দিন চৌধুরী কাঞ্চননগর ইউনিয়নের দিঘিরপাড়া এলাকার শেফায়েত হোসেন চৌধুরীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, মোটরসাইকেলে করে কয়েকজন অজ্ঞাতনামা যুবক এসে আবছারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় তারা। ওই প্রত্যক্ষদর্শীর দাবি, কয়েক মাস আগেও অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আবছারের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছিল।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ইব্রাহীম জানান, আবছার উদ্দিনের হাত, পা ও পেটে গুলির আঘাত রয়েছে। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।