হালদা নদীর তীরে নতুন ৭২৯ প্রজাতির উদ্ভিদ নথিভুক্ত

প্রথমবারের মতো চট্টগ্রামের হালদা নদীর দুই তীরে ৭২৯ প্রজাতির উদ্ভিদ নথিভুক্ত করেছেন গবেষকেরা। একই সঙ্গে তারা বিপন্ন হওয়ার ঝুঁকিতে থাকা ১০০টি প্রজাতি এবং ইতোমধ্যে বিপন্ন অবস্থায় রয়েছে এমন ২৩টি প্রজাতির উদ্ভিদ শনাক্ত করেছেন। নদীর উৎপত্তিস্থল থেকে মোহনা পর্যন্ত ৮১ কিলোমিটার এলাকাজুড়ে এক বছর ধরে চালানো জরিপে এসব তথ্য উঠে এসেছে। বেসরকারি সামাজিক উন্নয়ন ও গবেষণা সংস্থা ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান ওপিনিয়ন (ইকো) এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) সহযোগিতায় গবেষণাটি পরিচালিত হয়।

গবেষণায় দেখা গেছে- কৃষিকাজের বিস্তার, দূষণ, নদীভাঙন ও মানুষের অন্যান্য কর্মকাণ্ডের কারণে এ অঞ্চলের জীববৈচিত্র্য ক্রমেই হুমকির মুখে পড়ছে। গবেষণায় আরও ৫১৭ প্রজাতির ঔষধি উদ্ভিদ, নদীদূষণের ২৯টি উৎস, নদীর উজানে কেওড়া গাছের উপস্থিতি এবং হালদার সম্ভাব্য আরও একটি উৎপত্তিস্থল শনাক্ত করা হয়েছে।

২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত হালদা নদীর উৎপত্তিস্থল থেকে মোহনা পর্যন্ত প্রায় ৮১ কিলোমিটার এলাকাজুড়ে জরিপ চালান গবেষকেরা। গবেষণা টিমের নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একই বিভাগের সাবেক সভাপতি ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দীন। গবেষণা দলের অন্য সদস্যরা হলেন মোহাম্মদ খন্দকার রাজিউর, সজীব রুদ্র, মোহাম্মদ আরিফ হোসাইন, শহিদুল ইসলাম, টুকি মারমা ও সনাতন চন্দ্র বর্মণ।

প্রথমবার নথিভুক্ত ৭২৯ প্রজাতি

হালদা নদী কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র হিসেবে ব্যাপকভাবে পরিচিত হলেও এর দুই তীরের উদ্ভিদবৈচিত্র্য নিয়ে আগে তেমন গবেষণা হয়নি। প্রথমবার নথিভুক্ত হওয়া উদ্ভিদের মধ্যে রয়েছে লেইস্যা গর্জন বা লেংড়া গর্জন এবং পাখা ঢেকিয়া। গবেষকদের তথ্য অনুযায়ী, এর আগে চট্টগ্রাম জেলায় এসব উদ্ভিদের উপস্থিতির নির্ভরযোগ্য কোনো নথি পাওয়া যায়নি। এ ছাড়া জরিপে আরও কয়েকটি দুর্লভ উদ্ভিদের সন্ধান মিলেছে, যা হালদার তীরবর্তী অঞ্চলের উদ্ভিদবৈচিত্র্যের বৈজ্ঞানিক গুরুত্ব বাড়িয়েছে।

গবেষণায় শনাক্ত হওয়া ১ হাজার ২৯ প্রজাতির উদ্ভিদ ৫৮৭টি গণ ও ১৫২টি পরিবারের অন্তর্ভুক্ত। এর মধ্যে বড় বৃক্ষ ২১২ প্রজাতির, গুল্ম ১৩৩, লতা ১৩৩, বীরুৎ ৫২২ এবং পরজীবী উদ্ভিদ ৯ প্রজাতির। এছাড়া দুটি নগ্নবীজী উদ্ভিদ, ১৩ প্রজাতির মস, ৩৫ প্রজাতির ফার্ন ও সাত প্রজাতির ছত্রাক শনাক্ত হয়েছে। শনাক্ত উদ্ভিদের মধ্যে ৭৬৫টি স্থানীয় এবং ২৪৪টি বিদেশি প্রজাতির। একবীজপত্রী উদ্ভিদ রয়েছে ২২৩ প্রজাতির এবং দ্বিবীজপত্রী ৭৪৯ প্রজাতির। দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে ফ্যাবেসি এবং একবীজপত্রী উদ্ভিদের মধ্যে ধান ও ঘাসজাতীয় পোয়াসি গোত্রের প্রাধান্য দেখা গেছে।

উদ্ভিদবিজ্ঞানের শ্রেণিবিন্যাস অনুযায়ী, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী শ্রেণি কেবল আবৃতবীজী বা সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য। শনাক্ত প্রজাতিগুলোর মধ্যে দুটি নগ্নবীজী উদ্ভিদ, ৩৫টি ফার্ন, ১৩টি মস ও সাতটি ছত্রাকসহ মোট ৫৭টি প্রজাতি আবৃতবীজী নয়। তাই উদ্ভিদবিজ্ঞানের শ্রেণিবিন্যাসের নীতি অনুযায়ী এগুলোকে একবীজপত্রী বা দ্বিবীজপত্রী কোনো শ্রেণিতেই অন্তর্ভুক্ত করা হয়নি।

বিপন্ন ২৩ প্রজাতি, ঝুঁকিতে আরও ১০০

গবেষণায় বাংলাদেশের প্রেক্ষাপটে ২৩টি বিপন্ন উদ্ভিদ প্রজাতি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাটনা, লেইস্যা গর্জন, চাউ তাল, ঈশ্বরমূল, নেরা মিলাতি, পাখা ঢেকিয়া, বনিপদ, মাইল্লা আম, পানিজাম ও চালমুগড়া। অন্যদিকে সংরক্ষণের ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বিপন্ন হয়ে পড়তে পারে, এমন আরও ১০০টি উদ্ভিদ প্রজাতি শনাক্ত করেছেন গবেষকেরা। এর মধ্যে রয়েছে নীলজুঁই, তেজবহুল, ফাইজ গাছ, সিধা জারুল, কুর্চি পাম, নাট অলকুশি, খনা, অশোক, বরুন ও লবঙ্গ লতা।

গবেষকদের পর্যবেক্ষণে দেখা গেছে, নদীর দুই তীরে কৃষিকাজ ও ফসল চাষের বিস্তারের কারণে প্রাকৃতিক উদ্ভিদের আবাসস্থল সংকুচিত হচ্ছে। বিশেষ করে নাজিরহাট সেতু থেকে নারায়ণহাটের আগ পর্যন্ত এলাকায় প্রাকৃতিকভাবে জন্মানো উদ্ভিদের উপস্থিতি তুলনামূলক কম পাওয়া গেছে। এ অঞ্চলে ব্যাপক কৃষিকাজকে এর অন্যতম সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করেছেন গবেষকেরা।

এছাড়া নদী দখল, দূষণ, নদীতীরের মাটির ক্ষয় এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হচ্ছে। এসব কারণে ইতোমধ্যে বিপন্ন উদ্ভিদের পাশাপাশি ভবিষ্যতে ঝুঁকিতে থাকা প্রজাতিগুলোও হারিয়ে যেতে পারে। উদ্ভিদবৈচিত্র্যের ক্ষতির পাশাপাশি এর প্রভাব পড়তে পারে নদীতীরের মাটির সুরক্ষা, জলজ পরিবেশ ও সামগ্রিক বাস্তুতান্ত্রিক ভারসাম্যের ওপর।

৫১৭ প্রজাতির ঔষধি উদ্ভিদের সন্ধান

হালদার দুই তীরে শনাক্ত হওয়া উদ্ভিদের মধ্যে ৫১৭ প্রজাতির ঔষধি উদ্ভিদ রয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে কুর্চি, বচ, আপাং, সুগন্ধমূল, অর্কমূল, কালমেঘ, বেগনিয়া, বন অড়হর, হিজল, ছাতিম, আকন্দ, তুফানি লতা, হাতিশুঁড়, সোনালু ও স্বর্ণলতা উল্লেখযোগ্য। গবেষকদের মতে, এসব উদ্ভিদ ভবিষ্যতে ঔষধি গুণাগুণ, ব্যবহার ও সংরক্ষণবিষয়ক গবেষণার গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে। একই সঙ্গে স্থানীয়ভাবে এসব উদ্ভিদের ব্যবহারসংক্রান্ত ঐতিহ্যবাহী জ্ঞান সংরক্ষণেরও সুযোগ রয়েছে। তবে প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হলে ঔষধি উদ্ভিদের অনেক প্রজাতিও হারিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে।

দূষণের ২৯ উৎস চিহ্নিত

উদ্ভিদবৈচিত্র্যের পাশাপাশি হালদা নদীর দূষণের উৎসও শনাক্ত করেছে গবেষকদল। জরিপে নদীদূষণের জন্য দায়ী ২৯টি উৎস পাওয়া গেছে। এর অধিকাংশই মদুনাঘাট থেকে নাজিরহাট সেতু পর্যন্ত এলাকায় অবস্থিত। গবেষণায় পানি, বায়ু, মাটি, শব্দ, তাপীয়, ধূলি, ভারী ধাতু ও প্লাস্টিক দূষণের চিত্র উঠে এসেছে। এর মধ্যে পানিদূষণের ১৩টি, বায়ুদূষণের ১০টি, মাটিদূষণের ১১টি, শব্দ ও তাপীয় দূষণের চারটি করে, ধূলিদূষণের পাঁচটি, ভারী ধাতুদূষণের ছয়টি এবং প্লাস্টিক দূষণের তিনটি উৎসের কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ভূমিক্ষয়ের একটি উৎসও শনাক্ত করা হয়েছে।

গবেষকদের পর্যবেক্ষণে, শিল্পপ্রতিষ্ঠান থেকে অপরিশোধিত তরল বর্জ্য নদীতে ফেলা, বসতবাড়ি ও বাজারের আবর্জনা, কৃষিজমিতে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক বৃষ্টির পানির সঙ্গে নদীতে মিশে যাওয়া এবং পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেলা দূষণের উল্লেখযোগ্য কারণ। এছাড়া নদীতে মৃত পশুপাখি ফেলা, নৌযান থেকে তেল ও মবিল নির্গমন, নদীতীরে ইটভাটা ও শিল্পপ্রতিষ্ঠান স্থাপন, নির্মাণাধীন এলাকা থেকে বালু ও অন্যান্য উপাদান পানিতে মিশে যাওয়া এবং নদী খননের সময় উত্তোলিত মাটি তীরবর্তী এলাকায় স্তূপ করে রাখাকেও দূষণের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

উদ্ভিদ সংরক্ষণে ১৩ দফা সুপারিশ

হালদার উদ্ভিদবৈচিত্র্য সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় ১৩ দফা সুপারিশ দিয়েছে ইকো। এর মধ্যে রয়েছে দুর্লভ ও বিপন্ন উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ, নদীভাঙন রোধে স্থানীয় প্রজাতির গাছ রোপণ, উদ্ভিদবৈচিত্র্য ও পানির গুণমান নিয়মিত পর্যবেক্ষণ এবং নদীতীরবর্তী কৃষকদের জৈব পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করা। এছাড়া কর্ণফুলী নদীর দূষণ নিয়ন্ত্রণ, নদী খননের মাটি নিরাপদ ও দূরবর্তী স্থানে অপসারণ, অবৈধ নদী দখল বন্ধ, প্লাস্টিক ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং শিল্পবর্জ্য শোধনের সুপারিশ করা হয়েছে।

নদীতীরে অপরিকল্পিত বসতি ও স্থাপনা নির্মাণ নিয়ন্ত্রণ এবং নালা-নর্দমার অপরিশোধিত পানি নদীতে ফেলা বন্ধের ওপরও গুরুত্ব দিয়েছে সংস্থাটি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল বলেন, হালদা সংরক্ষণে শুধু মাছের প্রজননক্ষেত্র রক্ষা করলেই হবে না; নদীর দুই তীরের উদ্ভিদবৈচিত্র্য, জলজ প্রাণী, মাটি ও পানির সামগ্রিক পরিবেশও সুরক্ষিত রাখতে হবে। এ জন্য নদী দখল ও দূষণ বন্ধের পাশাপাশি বিপন্ন উদ্ভিদ সংরক্ষণ, দেশীয় প্রজাতির গাছ রোপণ, শিল্পবর্জ্য শোধন এবং নিয়মিত পানি ও উদ্ভিদবৈচিত্র্য পর্যবেক্ষণ জরুরি বলে জানান তিনি।