টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম

গাজীপুরের টঙ্গীতে রান্নার গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে এক নারী ও শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার দাঁড়াইল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন- খুলনার কয়রা থানার আশফাক গাজীর ছেলে মো. তরিকুল ইসলাম (২৬), ঝালকাঠির চরবিশ্বাস এলাকার সুলতান মৃধার মেয়ে মনিরা আক্তার (৩০) এবং মনিরার ছয় বছর বয়সী ছেলে আরাফাত। তাঁরা দাঁড়াইল পশ্চিমপাড়ায় জুতার কারখানাসংলগ্ন জাহানারা বেগমের একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে তরিকুল ইসলামের কক্ষের রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস লিক হয়ে ঘরে জমে যায়। পরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে পাশের কক্ষেও। এতে তরিকুল, মনিরা ও তাঁর ছেলে আরাফাত দগ্ধ হন।

বিস্ফোরণের শব্দ ও চিৎকার শুনে আশপাশের ভাড়াটিয়া ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ ব্যক্তিদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত