জঙ্গল সলিমপুরে নতুন করে সন্ত্রাসীদের আস্তানা হবে না: ডিআইজি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুরে নতুন করে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে আস্তানা গড়ে তুলতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শামসুল হক। একই সঙ্গে অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় বন্ধ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিআইজি।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে নিয়মিত যৌথ টহল পরিচালনা করা হচ্ছে। কোনো অবস্থাতেই এলাকায় নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অপরাধীদের আস্তানা গড়ে উঠতে দেওয়া হবে না। যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুলিশের দায়িত্ব।

ডিআইজি আরও বলেন, বর্তমানে জঙ্গল সলিমপুরের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। তাদের দৈনন্দিন কার্যক্রম ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রয়েছে। এরপরও কারও কোনো সমস্যা বা অভিযোগ থাকলে তা গুরুত্বের সঙ্গে শুনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনগণকে সঙ্গে নিয়েই পুলিশ কাজ করতে চায়। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের কোনো ধরনের ক্ষতি যেন না হয়, সেটিই পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার।

এলাকার উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, সরকার জঙ্গল সলিমপুর নিয়ে যেসব পরিকল্পনা গ্রহণ করেছে, সেগুলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করা হবে। তবে সবকিছুর আগে স্থানীয় জনগণের স্বার্থ ও কল্যাণকে গুরুত্ব দিতে হবে। ইতোমধ্যে সড়ক নির্মাণের কাজ শেষ হওয়ার আগেই এলাকায় ইতিবাচক পরিবর্তন এসেছে। সড়ক নির্মাণ সম্পন্ন হলে মানুষের যাতায়াত, জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ এবং নগরের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও তাতে সন্তুষ্ট হয়ে বসে থাকার সুযোগ নেই উল্লেখ করে ডিআইজি বলেন, জঙ্গল সলিমপুরে পরিস্থিতির আরও উন্নতির সুযোগ রয়েছে। বর্তমান অবস্থার চেয়ে আরও ভালো পরিবেশ নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও জনসংযোগ) মো. রাসেলসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।