বাংলাদেশ, ভারত ও চীনসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম

বাংলাদেশ, ভারত, চীনসহ বিশ্বের ১৪টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশগুলোর অতিরিক্ত শিল্প উৎপাদন ও সরকারি ভর্তুকির কারণে মার্কিন শিল্পপ্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন অভিযোগ তুলে বুধবার (২৫ নভেম্বর) এ প্রস্তাব ঘোষণা করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) আট মাসের তদন্ত শেষে এ পদক্ষেপ নিয়েছে। তদন্তে মোট ১৬টি বাণিজ্যিক অংশীদারকে অন্তর্ভুক্ত করা হলেও আপাতত ১৪টির বিরুদ্ধে নতুন শুল্কের প্রস্তাব দেওয়া হয়েছে।

তালিকায় রয়েছে বাংলাদেশ, চীন, ভারত, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম। মেক্সিকো ও নরওয়ের বিষয়ে এখনো শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়নি।

প্রস্তাব অনুযায়ী, চীনা পণ্যের ওপর অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপ করা আগের শুল্কের সঙ্গে এটি যুক্ত হলে কিছু পণ্যের ক্ষেত্রে মোট শুল্কের হার আরও বেড়ে যেতে পারে। চীনকে অতিরিক্ত উৎপাদন ও কম দামে আন্তর্জাতিক বাজারে পণ্য সরবরাহের জন্য বিশেষভাবে দায়ী করছে ওয়াশিংটন।

ভারতসহ অন্য দেশগুলোর ক্ষেত্রে শুল্কের হার দেশভেদে নির্ধারণ করা হবে। তবে বাংলাদেশ ও ভারতের সব পণ্যের জন্য নির্দিষ্ট শুল্কের হার এখনো চূড়ান্তভাবে নিশ্চিত হয়নি।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, কয়েকটি দেশ সরকারি ভর্তুকি, শিল্পনীতি ও বিভিন্ন বাণিজ্যিক সুবিধার মাধ্যমে অভ্যন্তরীণ উৎপাদন সক্ষমতা প্রয়োজনের তুলনায় বাড়িয়ে তুলছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে অতিরিক্ত পণ্য সরবরাহ হচ্ছে এবং মার্কিন উৎপাদকরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন।

এদিকে, নতুন শুল্ক আরোপের প্রস্তাব বাস্তবায়নের আগে জনসাধারণের মতামত গ্রহণ ও শুনানির আয়োজন করা হবে। ফলে কার্যকর হওয়ার সময় পিছিয়ে আগামী জানুয়ারি পর্যন্ত গড়াতে পারে বলে জানিয়েছে রয়টার্স।

বাংলাদেশের জন্য এ সিদ্ধান্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের অন্যতম বড় রপ্তানি বাজার। নতুন শুল্ক কার্যকর হলে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়তে পারে। তবে চূড়ান্ত শুল্কের হার এবং কোন কোন পণ্য এর আওতায় পড়বে, তা প্রকাশের পরই সম্ভাব্য প্রভাব আরও স্পষ্ট হবে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এ উদ্যোগ বিশ্ববাণিজ্যে নতুন করে চাপ তৈরি করতে পারে। বিশেষ করে চীন, ভারত ও বাংলাদেশের মতো রপ্তানিনির্ভর অর্থনীতির দেশগুলোর জন্য পরিস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সূত্র: রয়টার্স। 

বিএইচবি
আরও পড়ুন