২৩ বছর ৭ মাসের মধ্যে ৯ বছর ৭ মাসই ছুটিতে, 'উপহার' ঢাকায় পদায়ন

চাকরিতে যোগ দেওয়ার পর ২৩ বছর ৭ মাসের মধ্যে প্রায় ৯ বছর ৭ মাসই ছুটিতে কাটিয়েছেন নোয়াখালীর সদর উপজেলার হরিনারায়ণপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া সুলতানা। চিকিৎসা, প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটিসহ নানা কারণে ২৯ দফায় তিনি ছুটি নিয়েছেন ৩ হাজার ৪৮৩ দিন। এর মধ্যে ২ হাজার ১৯৬ দিনের ছুটির তথ্য নেই তাঁর ব্যক্তিগত সার্ভিস বইয়ে। কর্মদিবসের হিসাবে প্রায় ১৮ বছরই তিনি বিদ্যালয়ের বাইরে ছিলেন।

দীর্ঘদিন অনুপস্থিতি, ছুটির তথ্য সার্ভিস বইয়ে অন্তর্ভুক্ত না করা এবং শিক্ষা কর্মকর্তার সঙ্গে অসদাচরণের অভিযোগ তদন্তে উঠে এলেও তাঁর বিরুদ্ধে দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বরং ২০২৫ সালে তাঁকে ডেপুটেশনে ঢাকার খিলগাঁওয়ের পূর্ব খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করা হয়। সম্প্রতি সেই সংযুক্তির মেয়াদও বাড়ানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন, সার্ভিস বই এবং বিদ্যালয়ের হাজিরা খাতার তথ্য বিশ্লেষণে রাবেয়া সুলতানার চাকরিজীবনের এমন চিত্র উঠে এসেছে।

রাবেয়া সুলতানা ২০০১ সালের ১ জুলাই হরিনারায়ণপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ২৩ বছর ৭ মাসের চাকরিজীবনে তিনি ২৯ দফায় মোট ৩ হাজার ৪৮৩ দিন ছুটি ভোগ করেছেন। বছর হিসাবে এ ছুটির পরিমাণ ৯ বছর ৬ মাস ১৮ দিন।

প্রশিক্ষণ, চিকিৎসা, মাতৃত্বকালীন ছুটিসহ বিভিন্ন কারণে সর্বনিম্ন ১২ দিন থেকে সর্বোচ্চ টানা ২৫১ দিন পর্যন্ত ছুটি নেওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে অর্ধবেতন ও বিনা বেতনের ছুটিও রয়েছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, সাপ্তাহিক ছুটিসহ অন্যান্য ছুটি বাদ দিলে বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকে প্রায় ১৯৪ দিন। সে হিসাবে রাবেয়া সুলতানার ভোগ করা ছুটির সঙ্গে বিদ্যালয়ের কর্মদিবসের তুলনা করলে দেখা যায়, প্রায় ১৮ বছরই তিনি বিদ্যালয়ের বাইরে ছিলেন।

সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের ভাষ্য, একজন শিক্ষক বা সরকারি কর্মকর্তা দীর্ঘদিন চিকিৎসা ছুটিতে থাকলে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়। কেউ টানা তিন মাস ছুটিতে থাকলে সিভিল সার্জনের স্বাস্থ্য সনদ প্রয়োজন হয়। স্বাস্থ্য সনদে উপযুক্ত বিবেচিত না হলে তাঁকে কাজে যোগ দিতে বলা হয়। দীর্ঘদিন অসুস্থ থাকলে বাধ্যতামূলক অবসরের বিষয়টিও বিবেচনায় আসে।

সরকারি চাকরিজীবীদের চাকরিতে যোগদান থেকে অবসর পর্যন্ত যাবতীয় তথ্য সংরক্ষণের জন্য ব্যক্তিগত সার্ভিস বই থাকে। পদোন্নতি, বার্ষিক বেতন বৃদ্ধি, বদলি ও অর্জিত ছুটিসহ চাকরিসংক্রান্ত বিভিন্ন তথ্য এতে লিপিবদ্ধ করার নিয়ম।

কিন্তু রাবেয়া সুলতানার মোট ৩ হাজার ৪৮৩ দিনের ছুটির মধ্যে ২ হাজার ১৯৬ দিনের তথ্য তাঁর সার্ভিস বইয়ে অন্তর্ভুক্ত নেই। বছর হিসাবে এ সময়ের পরিমাণ ৬ বছর ৬ দিন।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০০৫ সালের ৩ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ২৭ দিন এবং ২০১৮ সালের ২৩ জুন থেকে ২০১৯ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত টানা ২০৯ দিন চিকিৎসা ছুটি ভোগ করলেও এসব ছুটির তথ্য সার্ভিস বইয়ে ওঠেনি। শুধু এই দুই দফা নয়, আরও ১৯ দফায় নেওয়া ছুটির হিসাবও সেখানে অন্তর্ভুক্ত হয়নি।

ছুটির ধরন অনুযায়ী, মাতৃত্বকালীন ছুটির ৩০৩ দিনের কোনো তথ্য সার্ভিস বইয়ে নেই। প্রশিক্ষণের জন্য নেওয়া ১ হাজার ২১৮ দিনের মধ্যে ৮৫৩ দিন এবং চিকিৎসা ছুটির ১ হাজার ৯৬২ দিনের মধ্যে ১ হাজার ৪০ দিনের হিসাবও সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি।

প্রাথমিক শিক্ষা বিভাগের কয়েকজন কর্মকর্তা বলেন, সার্ভিস বই ও আইবাসে ছুটির তথ্য নথিভুক্ত না হওয়া গুরুতর অনিয়ম। কখনো সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে এ ধরনের ঘটনা ঘটানো হয়। তবে নিয়ম অনুযায়ী সব ছুটির হিসাব যথাযথভাবে সংরক্ষণ করা বাধ্যতামূলক।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিলেও রাবেয়া সুলতানা সব সময় অসুস্থ ছিলেন না বলে অভিযোগ রয়েছে। তাঁর স্বামী ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এ কারণে তিনি বেশির ভাগ সময় ঢাকায় থাকতেন বলে স্থানীয় সূত্রের দাবি। চিকিৎসার সনদ দেখিয়ে ছুটি নিতেন বলেও অভিযোগ রয়েছে।

জেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে স্বাস্থ্য সনদ আনতে বলা হলে তিনি নানা অজুহাতে গড়িমসি করতেন বলে সংশ্লিষ্টদের অভিযোগ। তাঁর বাবা আবুল কাশেম, যিনি জি এস কাশেম নামে পরিচিত, সে সময় স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এলাকায় তাঁদের পরিবারের প্রভাব থাকায় সংশ্লিষ্ট কর্মকর্তারা অনেক সময় তাঁর বিরুদ্ধে কথা বলতে সাহস পেতেন না বলে জানান কয়েকজন কর্মকর্তা।

উপজেলা শিক্ষা অফিসে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের অভিযোগ, ছুটি না দিলে রাবেয়া সুলতানা তাঁদের ভয়ভীতি দেখাতেন। এমনকি কোনো কোনো ক্ষেত্রে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে বলে তাঁরা জানিয়েছেন।

২০২৪ সালের ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অননুমোদিতভাবে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন রাবেয়া সুলতানা। পরে ওই চার দিনের নৈমিত্তিক ছুটি অনুমোদনের জন্য বাবাকে সঙ্গে নিয়ে নোয়াখালী সদর উপজেলা শিক্ষা অফিসে যান তিনি।

ছুটি অনুমোদন নিয়ে কথোপকথনের একপর্যায়ে তাঁর উপস্থিতিতে তাঁর বাবা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রাজিবুল হাসান রাজিবের সঙ্গে হেনস্তামূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে। পরে রাজিব এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে রাবেয়া সুলতানার বাবা ওই শিক্ষা কর্মকর্তার কাছে ক্ষমাও চান।

উপজেলার আরেক শিক্ষা কর্মকর্তা জানান, রাজিবুল হাসান রাজিব ছাড়াও এর আগে একাধিক শিক্ষা কর্মকর্তা এবং রাবেয়া সুলতানার কর্মস্থলের শিক্ষকদের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা ও বিরোধ হয়েছে। রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় অনেকে তাঁর সঙ্গে বিরোধে জড়াতে চাইতেন না।

রাবেয়া সুলতানার বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, অননুমোদিত ছুটি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তদন্তে জেলা প্রাথমিক শিক্ষা অফিস একটি কমিটি গঠন করে। তৎকালীন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাজিবুল হাসান রাজিবের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়।

পরে নোয়াখালী সদর উপজেলার তৎকালীন শিক্ষা কর্মকর্তা মো. টিপু সুলতান খান তদন্ত করে প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে রাবেয়া সুলতানার বাবার সঙ্গে শিক্ষা কর্মকর্তা রাজিবুল হাসান রাজিবের অসৌজন্যমূলক ও অশালীন আচরণের প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়।

এ ছাড়া রাবেয়া সুলতানার অননুমোদিত অনুপস্থিতি এবং বিভিন্ন সময়ে নেওয়া ছুটির তথ্য সার্ভিস বইয়ে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে তদন্ত কমিটি।

চাকরিজীবনে দীর্ঘদিন অনুপস্থিতি ও নানা অনিয়মের অভিযোগ তদন্তে উঠে এলেও রাবেয়া সুলতানার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ২০২৫ সালে তাঁকে এক বছরের জন্য ডেপুটেশনে ঢাকার খিলগাঁওয়ের পূর্ব খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করা হয়। সম্প্রতি তাঁর সংযুক্তির মেয়াদ আরও বাড়ানো হয়েছে।

অভিযোগ রয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তাকে ১৫ লাখ টাকা দিয়ে তিনি ঢাকায় পদায়ন নিয়েছেন, যাতে স্বামীর সঙ্গে রাজধানীতে থাকতে পারেন। ডেপুটেশনের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রেও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

সার্বিক বিষয়ে জানতে রাবেয়া সুলতানার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রশ্ন শুনে ফোন কেটে দেন। পরে আবার ফোন করা হলে নম্বরটি সঠিক নয় বলে সংযোগ বিচ্ছিন্ন করেন।

নোয়াখালী সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম এহসান কবীর বলেন, ‘আমি সম্প্রতি ওই উপজেলায় যোগদান করেছি। আমার আসার আগেই তিনি ঢাকায় চলে গেছেন। তবে তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আছে, নথিপত্র ঘেঁটে দেখেছি, তা সঠিক। তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। আশা করছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।’

নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবীব বলেন, ‘রাবেয়া সুলতানার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। তাঁকে এরই মধ্যে শোকজ করা হয়েছে।’ এত অনিয়মের অভিযোগ থাকার পরও কীভাবে তাঁকে ঢাকায় পদায়ন করা হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁকে ঢাকায় ডেপুটেশনে পদায়ন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কীভাবে পদায়ন করা হয়েছে, তা অধিদপ্তরই বলতে পারবে।

জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা কোনোভাবেই এত ছুটি নিতে পারেন না। সবেতন, বিনাবেতন কিংবা মাতৃত্বকালীন সব ক্যাটাগরিসহ চাকরিজীবনে এত ছুটি নেওয়ার বিধান নেই। নিশ্চয়ই ছুটি দেওয়ার জন্য নানা অনিয়ম হয়েছে। বিষয়টি নিয়ে উচ্চতর পর্যায়ের তদন্ত হওয়া উচিত।’