কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চলন্ত বাসে এক নবজাতকের জন্ম হয়েছে। প্রসবব্যথা শুরু হলে স্বামীর অনুরোধে বাস থামান চালক। পরে সহযাত্রীদের সহযোগিতা এবং হাসপাতালের নার্সদের সহায়তায় বাসের ভেতরেই সন্তান প্রসব করেন ওই নারী। এ ঘটনায় বাসের যাত্রীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আইদি পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপুরের ওয়্যারলেস এলাকা থেকে স্বামী ও দুই সন্তানকে নিয়ে বাসে উঠেছিলেন ওই নারী। জগৎপুর বাজার পার হওয়ার পর তাঁর স্বামী চালকের কাছে সামনে কোনো হাসপাতাল আছে কি না জানতে চান। চালক তাঁকে মুদাফরগঞ্জ বাজারে হাসপাতাল থাকার কথা জানান।
বাসটি বিজরা বাজারের কাছাকাছি পৌঁছালে ওই নারীর প্রসবব্যথা শুরু হয়। এ সময় তাঁর স্বামী বাস থামানোর অনুরোধ করেন। যাত্রীরাও সহযোগিতায় এগিয়ে আসেন। পরে বিজরা বাজারে বাস থামিয়ে পাশের হাসপাতাল থেকে নার্সদের ডেকে আনা হয়।
নার্সরা বাসে পৌঁছে দেখেন, ওই নারীর প্রসবপ্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাঁদের সহায়তায় বাসের ভেতরেই নবজাতকের জন্ম হয়।
প্রসূতির জন্য বাসটি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেও যাত্রীদের অনুরোধে চালক ও পরিবহনকর্মীরা অপেক্ষা করেন। পরে আইদি পরিবহন কর্তৃপক্ষ বিকল্প বাসের ব্যবস্থা করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়।
জরুরি মুহূর্তে সহযাত্রীদের সহযোগিতা, নার্সদের দ্রুত সাড়া এবং পরিবহনকর্মীদের মানবিক আচরণে ঘটনাটি যাত্রীদের মধ্যে প্রশংসা ও আনন্দের সৃষ্টি করে।