কক্সবাজারের উখিয়ায় ফ্রেন্ডশিপ হাসপাতালে দুদিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিয়েছেন এক রোহিঙ্গা নারী। প্রথম দিন স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি শিশুর জন্ম হয়। এর দুদিন পর সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় বাকি তিন শিশুর।
ওই রোহিঙ্গা নারী উখিয়ার ক্যাম্প সি-৬ এর এ-১ ব্লকের বাসিন্দা আজিজুল গফফারের স্ত্রী জেসমিন বিবি (২৬)। উখিয়ার পানবাজার বালুখালিতে অবস্থিত ফ্রেন্ডশিপ হাসপাতালে তিনি সন্তান জন্ম দেন। বুধবার (২৫ নভেম্বর) ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রকল্প ব্যবস্থাপক ডা. এস এম গোলাম সারওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, জেসমিন বিবি তৃতীয়বারের মতো গর্ভবতী ছিলেন। আলট্রাসনোগ্রাফি পরীক্ষায় তার গর্ভে চারটি শিশুর অস্তিত্ব পাওয়া যায়। গত ১৩ নভেম্বর রাতে তিনি ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি হন। পরদিন ভোর ৫টার দিকে প্রথম শিশুটি স্বাভাবিকভাবে জন্ম নেয়। পরবর্তী সময়ে গর্ভে থাকা বাকি তিন শিশুর অবস্থান স্বাভাবিক না থাকায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়। ১৬ নভেম্বর রাতে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে আরও তিনটি শিশুর জন্ম হয়। চার শিশুর মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে।
হাসপাতালের প্রকল্প ব্যবস্থাপক ডা. এস এম গোলাম সারওয়ার বলেন, এটি একটি জটিল ও ঝুঁকিপূর্ণ প্রসবের ঘটনা ছিল। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় প্রসব সম্পন্ন করা হয়েছে।
ফতুল্লায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৩ কারখানায় ছুটি
আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ময়মনসিংহ জামায়াতের বিক্ষোভ