টেকনাফে ১৭ বনকর্মীকে অপহরণ

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে ১৭ বনকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।  সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে টেকনাফের হৃীলা ইউনিয়নের জাদিমুড়ার পশ্চিমে অপহরণের ঘটনা ঘটে। 

অপহৃতরা হলেন, আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮), সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০) ও রফিক (৩৩)। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বনবিভাগের অধীনে ১৭ জন কর্মী সকালে পাহাড়ে কাজ করতে যায়। এসময় অপহরণকারীরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, অপহরণের শিকার বনবিভাগের শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আছে।