টেকনাফে নৌবাহিনীর ঝটিকা অভিযান, বিদেশি অস্ত্র ও ইয়াবা জব্দ

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পিএম

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে অত্যাধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।

সোমবার (২৭ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স ‘সোয়াডস’ (SWADS)-সহ দুটি সুসংগঠিত আভিযানিক দল টেকনাফের হ্নীলা ইউনিয়নের ওই এলাকায় অবস্থান নেয়। সেখানে ওয়ারেন্টভুক্ত আসামি ‘ভুট্টু সাইফুল’-এর সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে দেলোয়ারের বাড়ি থেকে ২টি জি-৩ (G3) রাইফেল এবং ১টি এমএ-১ (MA 1) রাইফেল, ৮টি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গুলি এবং ১০ রাউন্ড খালি কার্তুজ, পাচারের উদ্দেশ্যে মজুত করা ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত এসব অস্ত্র, গোলাবারুদ ও জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, টেকনাফসহ উপকূলীয় এলাকাগুলোতে মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ এবং অবৈধ অস্ত্র দমনে তাদের এই কঠোর নজরদারি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জাতীয় নিরাপত্তা রক্ষায় নৌবাহিনী কোনো ধরণের অপশক্তির সাথে আপস করবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত